অঁরির আক্ষেপ
চারটি বছর পেরিয়ে গেছে। কিন্তু থিয়েরি অঁরিকে ‘গানার’রা এতটুকু ভোলেনি। এমিরেটস কাপের প্রীতি ম্যাচ খেলতে আবার এমিরেটস স্টেডিয়ামে পা রেখেছেন নিউইয়র্ক রেড বুলসের ফরাসি স্ট্রাইকার। আবারও ভিজেছেন আর্সেনাল সমর্থকদের ভালোবাসায়। অঁরিকে সম্মান জানাতে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার ম্যাচের শেষ ৫ মিনিট তাঁকে আর্সেনালের হয়ে খেলার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ফিফা আইনের কারণে তা আর সম্ভব হয়নি। এএফপি।অঁরি আর্সেনালের জার্সি গায়ে তুলতে পারেন জেনে এমিরেটস স্টেডিয়ামে আসা প্রায় ৬০ হাজার দর্শক বসেছিল নড়েচড়ে। কিন্তু রেফারি কেভিন ফ্রেন্ড বাদ সাধেন। বলে দেন, আর্সেনালের হয়ে খেলার অনুমতি অঁরিকে তিনি দিতে পারেন না। কারণ? ফিফার আইন বলে, প্রীতি ম্যাচেও কোনো খেলোয়াড় দুই দলের হয়ে খেলতে পারে না।তাই রেড বুলসের জার্সি গায়েই অঁরিকে তাঁর বহুচেনা এমিরেটস স্টেডিয়ামে পুরোটা ম্যাচে দেখা যায়। তাঁর ডিফেন্স-চেরা দুর্দান্ত এক পাসের কল্যাণেই রেড বুলস ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে পারে। তবে দলকে ড্র এনে দিতে পারার তৃপ্তিতে না ভেসে অঁরি আর্সেনালের হয়ে খেলতে না পারার আক্ষেপেই পুড়েছেন, ‘আমি খেলতে চেয়েছিলাম। আমি নিশ্চিত, সমর্থকেরাও এটা চেয়েছিল। কিন্তু বিরতির সময় আমাদের জানিয়ে দেওয়া হলো, এটা সম্ভব নয়। গর্দভ নিয়ম!’