অঁরির আজ দ্বিতীয় অভিষেক
সাড়ে চার বছর আগে তাঁর বার্সেলোনায় পাড়ি জমানোর মধ্য দিয়ে যতি পড়েছিল যে যুগল-বন্দীতে, সেটি আবার শুরু হচ্ছে। চুক্তিপত্রে সই করে ৬ জানুয়ারি নিউইয়র্ক রেড বুলসের অঁরি দুই মাসের জন্য হয়ে গেছেন আর্সেনালের। আজ লিডসের বিপক্ষে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচটিতে আর্সেনালের জার্সি গায়ে খেলতে নামছেন অঁরি।১৯৯৯ সালে আর্সেনালে প্রথম অভিষেকের সময় অঁরির বয়স ছিল ২২ বছরেরও কম। আজ তাঁর বয়স ৩৪ বছর। ১২ বছরের ব্যবধান হলেও একটা দিক দিয়ে দুই অভিষেক একটা জায়গায় মিলে যাচ্ছে। ১৯৯৯ সালে জুভেন্টাস থেকে আর্সেনালে আসা অঁরি ছিলেন অখ্যাত এক ফুটবলার। আর আজ? ক্যারিয়ারের সুবর্ণ সময়টাকে অনেক আগেই পেছনে ফেলে আসা পড়ন্ত বেলার সৈনিক। অঁরি পারবেন এমিরেটসের পুরোনো সমর্থকদের মনে নতুন করে দোলা দিতে?২০০৭ সালে আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যাওয়ার পর থেকেই আর অঁরিকে ঠিক অঁরি রূপে দেখা যায়নি। আগের সেই সামর্থ্য-ক্ষিপ্রতা আর নেই। যদিও ওয়েঙ্গার এখনো ‘আগুন’ই দেখছেন অঁরির মধ্যে, ‘মেজর লিগ সকারে এলএ গ্যালাক্সির বিপক্ষে প্লে-অফ ম্যাচটি দেখেছি। তখনই থিয়েরিকে দেখলাম এবং ভাবলাম, এখনো ওর মধ্যে অহংকার এবং জয়ের আকাঙ্ক্ষাটা আছে।’অঁরির কাছ থেকে কীভাবে সেরাটা বের করে আনা যায়, সেটা তো ওয়েঙ্গারেরই সবচেয়ে ভালো জানা। অখ্যাত অঁরিকে তিনিই বানিয়েছিলেন বিখ্যাত। দিনে দিনে সেই অঁরি আর্সেনালেরই প্রতীক হয়ে ওঠেন। তাই বলা হতো ‘আর্সেনালের অঁরি’। আবার আর্সেনালে ফিরে আগের অঁরির ঝলক কি একটু দেখাতে পারবেন? এবার এমিরেটসে থাকছেন মাত্রই দুই মাস। এই সময়ে অবশ্য বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন ফরাসি তারকা। লিগে ম্যানইউর সঙ্গে ম্যাচ, চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের সঙ্গে শেষ ষোলোর প্রথম লেগ। অঁরি পাচ্ছেন টটেনহামের সঙ্গে লিগ ম্যাচটিও।প্রথম অধ্যায়ে আর্সেনালের আক্রমণভাগে অঁরির জুটি ছিলেন ডাচ তারকা ডেনিস বার্গক্যাম্প। এবারও একজন ডাচ তারকার সঙ্গেই জুটি বাঁধবেন অঁরি, রবিন ফন পার্সি। তবে জুটি বেঁধে গোলের চেষ্টা নয়, অঁরি চাইছেন যত বেশি পারেন পার্সিকে গোল পেতে সাহায্য করতে, ‘এ মুহূর্তে রবিন দুর্দান্ত ফর্মে। আমি তার চারপাশে থাকতে পারি এবং কথা বলতে পারি। কিন্তু ও ওর সেরাটা কাজটাই করে যাবে—গোল করা।’ ওয়েবসাইট।