অঁরির আবেগ, আর্সেনালের প্রতিশোধ
এই ক্লাবে আট মৌসুম খেলে চারবার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ৩৬৯ ম্যাচে করেছেন ২২৬ গোল। সমর্থকদের ভোটে ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন।এসবও ঠিক বোঝাতে পারছে না আর্সেনালের সঙ্গে থিয়েরি অঁরির সম্পর্ক। শেষ পর্যন্ত আর্সেনালের সঙ্গে সেটি ব্যাখ্যা করেছেন অঁরি নিজেই, ‘আর্সেনাল ভক্তদের সঙ্গে আমার সম্পর্কটা একেবারেই অন্যরকম। এটা একটা ট্রফির মতো, ভালোবাসার একটা ট্রফি।’সেই ভালোবাসাতেই ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত ‘আর্সেনালের অঁরি’ হয়ে ছিলেন। কিন্তু সেই দিন এখন অতীত। আজ সেই আর্সেনালই অঁরির প্রতিপক্ষ। এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে অঁরির বর্তমান দল বার্সেলোনার মুখোমুখি আর্সেনাল।কী অভ্যর্থনা অপেক্ষা করছে অঁরিও ঠিক নিশ্চিত নন, ‘বার্সেলোনায় চলে আসার পর আমি আর একবারই আর্সেনালে গিয়েছিলাম। মাস তিন-চারেক আগে যখন ওরা ব্ল্যাকবার্নের বিপক্ষে খেলল। ফলে আমি ঠিক বুঝতে পারছি না, ওখানে প্রতিক্রিয়াটা কেমন হবে।’তবে প্রতিক্রিয়া যেমনই হোক, অঁরির কিছু যায়-আসে না। দুই বছর আগে যে দলটি ছেড়ে এসেছেন, এখনো যে নিজেকে সেই দলের একজন বলেই মনে করেন! ‘আমি সব সময়ই ওদের একজন। আর্সেনাল যখন খেলে, নিশ্চিতভাবেই আমাকে টেলিভিশনের সামনে খুঁজে পাবেন’—এমনই অঁরির ভালোবাসার প্রকাশ।এই ভালোবাসা খেলোয়াড় অঁরিকে দুর্বল করে দেবে না তো! আবেগকে সরিয়ে রেখে পেশাদারি মনোভাব জাগিয়ে তোলাটা একটু কঠিনই হচ্ছে তাঁর জন্য, ‘আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়ছি। চেষ্টা করছি শান্ত থাকার। খেলাটা আমার জন্য খুবই অদ্ভুত একটা ব্যাপার হতে যাচ্ছে। ড্রয়ের আগে আমি বলেছিলাম, আমি আর্সেনালের মুখোমুখি হতে চাই না। ওটা আমার চাওয়া ছিল। কিন্তু এখন এটাই ভাগ্যে পড়েছে এবং আমাদের সেরাটা খেলতে হবে।’আবেগ ঘিরে আছে সেস ফ্যাব্রিগাসকেও। চোট জয় করে মাঠে নামতে পারলে এই স্প্যানিশ প্লে-মেকার যে মুখোমুখি হবেন তাঁর শৈশবের ক্লাব বার্সেলোনার। আবেগ-টাবেগ নেই এমিরেটস স্টেডিয়ামে। সেখানে প্রতিশোধ শব্দটির অনুরণন। ২০০৬ সালের ফাইনালে এই বার্সেলোনার কাছে হেরেই চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের প্রথম শিরোপা জয়ের স্বপ্ন বিসর্জন দিতে হয়েছিল। আর্সেনাল কি পারবে প্রতিশোধ নিতে? নাকি বার্সাই আবার জয়ের বরমাল্য পরবে? পরিষ্কার ভবিষ্যদ্বাণী করলেন না অঁরি, ‘চাপটা অবশ্যই আর্সেনালের ওপর থাকছে। ওদের মাঠে খেলা। আর ওরা দাঁড়াচ্ছে চ্যাম্পিয়নদের বিপক্ষে। ফলে ওরা অলআউট খেলবে। আমরাও তাই করব।’ আজ অন্য যে আরেকটি কোয়ার্টার ফাইনাল, সেই ইন্টার মিলান-সিএসকেএ মস্কোর ম্যাচ নিয়ে এত রোমাঞ্চ নেই। প্রতিপক্ষ সিএসকেএ মস্কো, তাই ড্রয়ের পর থেকেই সবাই এক প্রকার ধরেই নিয়েছে ২০০৩ সালের পর আবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠবে ইন্টার মিলান। তবে সিরি ‘আ’তে সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে ইন্টার মিলান শিবিরে একটু অস্বস্তি। ইন্টারের পর্তুগিজ কোচ হোসে মরিনহো অবশ্য এর জন্য ক্লান্তিকেই দায়ী করছেন। তবে সিরি ‘আ’তে ইন্টারের সর্বোচ্চ স্কোরার ডিয়েগো মিলিতো সাফল্যের তৃষ্ণার কাছে ক্লান্তি পরাজিত বলেই দাবি করছেন, ‘একসঙ্গে তিনটা টুর্নামেন্ট (সিরি ‘আ’, ইতালিয়ান কাপ, চ্যাম্পিয়নস লিগ) সহজ নয়। তবে আমাদের জয়ের আকাঙ্খা ক্লান্তির চেয়ে অনেক জোরালো।’ এএফপি।