অঁরির জন্য ভালোবাসা
দুই খেলোয়াড় খেলতে নেমেছিলেন তাঁদের পুরোনো দলের বিপক্ষে। একজন, স্পেন মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাস তো পেনাল্টি থেকে গোল করে তাঁর সাবেক দল বার্সেলোনাকে জিততে দিলেন না। আরেকজন ফ্রান্স স্ট্রাইকার থিয়েরি অঁরি দেখলেন তাঁর বর্তমান দল বার্সেলোনা সাবেক দল আর্সেনালকে প্রথমার্ধে বিধ্বস্ত করেও জয় নিয়ে ফিরতে পারল না। তবে এ ম্যাচে অঁরিরই তেমন কোনো অবদান থাকল না বার্সেলোনায়। না করতে পারলেন গোল, না গোল বানিয়ে দিলেন সতীর্থদের। তিনি নেমেইছিলেন ম্যাচের শেষ দিকে। তার পরও অঁরির জন্য বুধবার রাতের এমিরেট স্টেডিয়াম ডালা সাজিয়ে আনল ভালোবাসার। ২০০৭ সালের পর আবারও যে এই স্টেডিয়ামে খেলতে নামলেন ফরাসি স্ট্রাইকার। পার্থক্য হলো, এবার অন্য দলের জার্সি গায়ে। তা নামুন। তবে যে স্ট্রাইকার এই আর্সেনালকে দুটি লিগ শিরোপার সঙ্গে দুটি এফএ কাপের শিরোপা জিতিয়েছেন, তাঁকে ভুলে যাওয়ার মতো অকৃতজ্ঞ আর্সেনাল সমর্থকেরা নয়। তারা ব্যানারেই কালো অক্ষরে ফুটিয়ে তুলল ভালোবাসার প্রকাশ। অঁরি মাঠে নামলে তারা করতালিতে মুখর করে তুলল স্টেডিয়াম। এতে দুই চোখের কোণে কি অশ্রু নেমে আসেনি অঁরির? ওটা জানা না গেলেও একটা সরল স্বীকারেক্তি তিনি করেছেন, ‘এটা সত্যিই খুব আবেগময় মুহূর্ত ছিল, ছিল বিশেষ কিছু।’ অঁরি অবশ্য এর আগে কখনোই ‘এই ক্লাবের প্রতি তাঁর ভালোবাসা লুকিয়ে’ রাখেননি, আর পরশু দেখলেন, সমর্থকেরাও তাঁর জন্য ভালোবাসা জমিয়ে রেখেছে এখনো। অঁরির একবার মনে হয়েছিল, ‘আমার এই ফেরাকে তারা যেভাবে অভিনন্দিত করল, তাতে একবার নিজেকে বলেছিলাম আর্সেনাল সমর্থকদের হাততালি দেওয়া উচিত আমার, কিন্তু এরপর তো দেখলেন কী ঘটল।’সারা বিশ্বের ফুটবলামোদী মানুষ এর পর ম্যাচে দেখেছে আর্সেনালের অসাধারণ প্রত্যাবর্তন। অঁরি কৃতিত্ব দিচ্ছেন আর্সেনাল সমর্থকদেরই। যে আট বছর ‘আর্সেনালের অঁরি’ ছিলেন, তখনই তিনি জানতেন, ভরা স্টেডিয়ামের সমর্থনই আর্সেনালকে জাগিয়ে দেয়। সমর্থকদের এই ভালোবাসা আর্সেনালের বড় এক শক্তি। এদিনও হয়েছে তাই! এএফপি।