অঁরির বাস্তববাদী আশা
প্রত্যাবর্তনটা হয়েছে রূপকথার মতো। দ্বিতীয় অভিষেকেই গোল করে জিতিয়েছেন আর্সেনালকে। থিয়েরি অঁরিকে নিয়ে চারদিকে ধন্য ধন্য রব। তাঁকে নিয়ে সমর্থকদের প্রত্যাশার ব্যারোমিটারে চড়েছে পারদ। তবে বয়স এবং নিজের সামর্থ্যটা জানা বলে ফরাসি তারকা পা রাখছেন মাটিতেই।গত সোমবারের মতো মাঠে নামলেই গোল করবেন, দলকে জেতাবেন—সমর্থকদের এমন আশা করতে নিরুৎসাহিতই করেছেন অঁরি, ‘জানি আমি গোল করেছি। কিন্তু প্রতিটি ম্যাচেই এমনটা ঘটবে না। আমি যা করতে পারি সেই চেষ্টা তো আমি করেই যাব। আরেকবার হয়তো এটা যথেষ্ট হবে না। কিন্তু আমি সব সময়ই সেরাটা দেওয়ার চেষ্টা করব।’প্রতি ম্যাচেই গোল করা যেমন সম্ভব নয়, এই ৩৪ বছর বয়সে হয়তো জায়গা পাবেন না প্রথম একাদশেও। বাস্তবতা বুঝতে পেরেই অঁরি বলছেন, ‘বসের (কোচের) যদি আমাকে ৩০ সেকেন্ডের জন্য দরকার হয়, কিংবা ১ মিনিটের জন্য, অথবা দরকার না-ও হয়, আমি ছেলেদের পাশেই থাকার চেষ্টা করব এবং ড্রেসিংরুমে দলকে সহযোগিতা করব।’এসব যদি নিরাশার হয়, অঁরি আর্সেনাল সমর্থকদের আশার বাণীও শুনিয়েছেন। আর্সেনাল চতুর্থ স্থানে থেকেই লিগ শেষ করতে পারে বলে বিশ্বাস তাঁর। সেটা হলে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাবে আর্সেনাল। সমর্থকদের চেয়েও ওটা বেশি স্বস্তির হবে কোচ আর্সেন ওয়েঙ্গারের জন্য। ওয়েঙ্গার এমিরেটসে আসার পর গত ১৫ বছরে আর্সেনাল কখনো চ্যাম্পিয়নস লিগ খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়নি। দুই মাসের জন্য ধারে খেলতে এলেও অঁরি নিজেকে আর্সেনালের ঘরের ছেলেই মনে করছেন। তাঁর বিশ্বাস, ‘দল ধীরে ধীরে ফর্মে ফিরছে। সত্যিকার অর্থেই আমরা শীর্ষ চারের বাইরে থাকতে চাইব না।’ ওয়েবসাইট।