অংশগ্রহণই বড় কথা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গেমস শেষ হয়েছে গত এপ্রিলে। এরপর আর অনুশীলনের মধ্যেই ছিলেন না বাংলাদেশের অ্যাথলেটরা। ফেডারেশন থেকেও আলাদা কোনো উদ্যোগ ছিল না। স্বাভাবিকভাবেই গেমসের ফিটনেস ও ছন্দটা ধরে রাখতে পারেননি কেউ। গেমস শেষ করেই চলে যান সবাই বিশ্রামে। আর ভারতের পুনেতে ৩-৭ জুলাইয়ের এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে তাঁদের পারফরম্যান্সে সেটিরই পড়েছে প্রভাব। সবাই বাদ পড়েছেন হিটেই। আধুনিক অলিম্পিকের জনক ব্যারন পিয়েরে দ্য কুবার্তিনের মতবাদকেই ঊর্ধ্বে তুলে ধরেছেন তাঁরা। জয় নয়, অংশগ্রহণই বড় কথা! কাল ১০০ মিটার স্প্রিন্টের হিটে নাজমুন নাহার বিউটি আটজনের মধ্যে অষ্টম হয়েছেন। সময় নিয়েছেন ১২.৩২ সেকেন্ড। বাংলাদেশ গেমসে ১২.৫৬ সেকেন্ড সময় নিয়ে বিউটি হয়েছিলেন দেশের দ্রুততম মানবী। আরেক স্প্রিন্টার শিরিন আক্তার এই ইভেন্টের হিটে অংশই নেননি। গত পরশু ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টেও বিউটির মতোই হিটে বাদ পড়েন বাংলাদেশের নতুন দ্রুততম মানব মেজবাহ উদ্দিন। বিকেএসপির এই স্প্রিন্টার সময় নেন ১০.৯৯ সেকেন্ড। আরেক স্প্রিন্টার আবু রায়হান সমাপ্তিরেখাই ছুঁতে পারেননি। মেয়েদের ৪০০ মিটারেও একই অবস্থা। বিকেএসপির জাকিয়া সুলতানা সবার পেছনে থেকেই দৌড় শেষ করেছেন হিটে। সময় নেন ৫৯.৩০ সেকেন্ড। পুনের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বাংলাদেশের পাঁচ অ্যাথলেট—আবু রায়হান, মেজবাহ উদ্দিন, নাজমুন নাহার বিউটি, শারমিন আক্তার, জাকিয়া সুলতানা।