অকল্যান্ডে উত্তেজনাপূর্ণ অমীমাংসা
চরম উত্তেজনাপূর্ণ একটি টেস্ট ম্যাচের সাক্ষী হয়ে থাকল অকল্যান্ড। নিউজিল্যান্ডের দুর্দান্ত বোলিং আর ইংল্যান্ডের দুরন্ত প্রতিরোধের এই টেস্টে শেষ অবধি জয়ী ক্রিকেটই।দুর্দান্ত বোলিং দিয়ে জয় অনেকখানিই নিশ্চিত করে ফেলেছিল স্বাগতিক নিউজিল্যান্ড। কিন্তু ধৈর্যশীল ও দৃঢ়তাপূর্ণ ব্যাটিং করে ইংল্যান্ডকে রক্ষা করেছেন ম্যাট প্রায়র, ইয়ান বেল, জো রুট, স্টুয়ার্ট ব্রডরা। কেইন উইলিয়ামসনের দারুণ বোলিংয়ে ইংল্যান্ডের ৯টি উইকেট তুলে নিয়েছিল কিউইরা। কিন্তু শেষ আর একটি উইকেট তুলে নিতে সমর্থ্য হননি স্বাগতিক বোলাররা। ফলে জয়ের অনেক কাছাকাছি যেতে পারলেও শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে নিউজিল্যান্ডকে। ১১০ রানের দারুণ এক ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ম্যাট প্রায়র।৪ উইকেটে ৯০ রান নিয়ে আজ অকল্যান্ড টেস্টের পঞ্চম ও শেষ দিন শুরু করেছিল ইংল্যান্ড। জয়ের আশা বাদ দিয়ে শুরু থেকেই ড্রয়ের লক্ষ্যে ব্যাটিং শুরু করেন ইংলিশ ব্যাটসম্যানরা। পঞ্চম উইকেটে ৬০ রানের জুটি গড়ে আজ দিনের শুরুটা ভালোভাবেই করেন ইয়ান বেল ও জো রুট। এই ৬০ রান তাঁরা করেছেন ২৮ ওভার ব্যাটিং করে। দলীয় ১৫০ রানের মাথায় এই জুটি ভেঙে কিউই শিবিরে জয়ের আশা জাগিয়ে তোলেন ট্রেন্ট বোল্ট। ৭৯ বলে ২৯ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে সাজঘরে ফেরেন জো রুট। কয়েক ওভার পরে জনি বেয়ারস্ট্রোর উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের জয়ের আশা আরও জোরদার করেন টিম সাউদি। সেসময় অনেকেরই হয়তো মনে হয়েছিল যে নিউজিল্যান্ডের জয়টা শুধুই সময়ের ব্যাপার মাত্র। কিন্তু নিউজিল্যান্ডের এমন সমর্থকদের হতাশ করেন ম্যাট প্রায়র ও ইয়ান বেল। সপ্তম উইকেটে ২৫ ওভার উইকেটে থেকে তাঁরা গড়েন ৭৮ রানের জুটি। ২৭১ বলে ৭৫ রানের দারুণ এক ধৈর্যশীল ইনিংস খেলেছেন ইয়ান বেল। তিনি সাজঘরে ফেরার পর আরও একবার জেগে উঠেছিল নিউজিল্যান্ডের জয়ের স্বপ্ন। কিন্তু আবারও উইকেটে খুঁটি গেড়ে কিউই বোলারদের হতাশায় ডোবান ইয়ান বেল। অষ্টম উইকেটে স্টুয়ার্ট ব্রডের সঙ্গে জুটি বেঁধে আবারও ২৯ ওভার ব্যাটিং করেন তিনি। এই জুটি থেকে আসে ৬৭ রান। ইংল্যান্ডের যে রান সংগ্রহের দিকে কোনো আগ্রহই ছিল না, সেটা বোঝা যায় ব্রডের ইনিংসটি দেখলে। ৭৭ বলে মাত্র ৬ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। যেকোনো মূল্যে উইকেটে টিকে থেকে ম্যাচটা ড্র করাই ছিল ইংল্যান্ডের লক্ষ্য। শেষ মুহূর্তে আবারও ম্যাচের মোড় ঘোরানোর চেষ্টা করেন নিউজিল্যান্ডের বোলাররা। খুব অল্প সময়ের মধ্যেই তুলে নেন স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনের উইকেট। জয়ের জন্য শেষ ৩ ওভারে একটি উইকেট প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের। কিন্তু এই তিনটি ওভার কোনোরকম বাধাবিপত্তি ছাড়াই পার করতে সক্ষম হয় ইংল্যান্ড। ৯ উইকেট হারিয়ে তাদের ইনিংস শেষ হয় ৩১৫ রানে। তিন ম্যাচের এই টেস্ট সিরিজের সবগুলো ম্যাচই ড্র হয়েছে।