অকল্যান্ডে কিউইদের দিন

ব্রেন্ডন ম্যাককালাম ১৪৩ রান নিয়ে উইকেটে আছেন। তাঁর সঙ্গী কুরে অ্যান্ডারসন (৪২*)। এর আগে কেন উইলিয়ামসনের ব্যাট হেসেছে চমত্কার এক শতকের ছটায়। অকল্যান্ডে এই তিন ব্যাটসম্যানের আশীর্বাদেই প্রথম দিনটা নিজেদেরই করে নিয়েছে নিউজিল্যান্ড।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজটা একপেশে করে টেস্ট সিরিজেও ওয়ানডের পুনরাবৃত্তির হুংকার ছেড়েছে কিউইরা। সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটাও সেই হুংকারেই অনূদিত। টসে হেরে ব্যাট করতে নেমে সারা দিনে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৩২৯ রান। ওভারপ্রতি ৩.৬৫ গড়ে রান তুলে টেস্ট সিরিজেও ভারতীয় বোলারদের ওপর ছড়ি ঘোরানোর একটা ইঙ্গিত কিন্তু দিয়েই রেখেছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা।
ভারতের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন জহির খান ও ইশান্ত শর্মা। ৩০ রানে প্রথম ৩ উইকেট হারিয়ে বসার পর কেন উইলিয়ামসন আর ব্রেন্ডন ম্যাককালাম মিলে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলেন দলকে। উইলিয়ামসন ১১৩ রানে আউট হলেও অসাধারণ ইনিংস খেলে ম্যাককালাম এই মুহূর্তে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের। সূত্র: এএফপি।