অকল্যান্ডে জয়ী ক্রিকেটই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচে চরম শিহরণ জাগালেন রবীন্দ্র জাদেজা।
ম্যাচে চরম শিহরণ জাগালেন রবীন্দ্র জাদেজা।

৪৭.৫ ওভারে মোহাম্মদ সামি যখন কোরি অ্যান্ডারসনের শিকার হয়ে ফিরে গেলেন, তখন ভারতের প্রয়োজন ১৩ বলে ২৮। উইকেটে ছিলেন রবীন্দ্র জাদেজা ও বরুণ অ্যারন। একটি উইকেট পড়লেই ভারতের সব শেষ; কপালে জুটবে পরাজয়ের তিলক, সঙ্গে উপরি হিসেবে সিরিজ খোয়ানোর যাতনা! এ অবস্থায় জাদেজা প্রায় একাই ম্যাচটি নিলেন শেষ বল অবদি। তখন প্রয়োজন ২ বলে ৮। জাদেজা মিড উইকেট দিয়ে অ্যান্ডারসনকে মারলেন উড়িয়ে—বিশাল ছক্কা! শেষ বলে দরকার ২। নিউজিল্যান্ড অধিনায়ক ব্রান্ডন ম্যাককালাম ফিল্ডারদের নিয়ে এলেন ১৫ গজের ভেতরে। যার ব্যাট এতক্ষণ বারুদের মতো জ্বলে উঠল, সেই জাদেজার ব্যাট শেষ বলেই কিনা হয়ে গেল জলে ভেজা দেশলাই! অ্যান্ডারসনের শেষ বল সিলি মিড-অফে ঠেলে কোন মতে এক রান নিতে পারলেন। শ্বাসরুদ্ধকর ম্যাচ টাই!
ক্লাইমেক্স-অ্যান্টিক্লাইমেক্সে ভরপুর আজ দারুণ এক ম্যাচ দেখা মিলল অকল্যান্ডে। কখনো মনে হয়েছে ম্যাচ ব্ল্যাক-ক্যাপসদের, কখনোবা ভারতীয়দের। শেষ পর্যন্ত অবশ্য কারও ভাগ্যেই শিঁকে ছেড়েনি। ক্রিকেটবিধাতা বরং নিজের হাতেই রেখে দিলেন ম্যাচের ফল!
নিউজিল্যান্ডের ছোড়া ৩১৫ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে অবশ্য শুরুতেই টালমাটাল ভারত। ১৭.৪ ওভারে শীর্ষ চার ব্যাটসম্যান হাওয়া! এর মধ্যে ফর্মের তুঙ্গে থাকা বিরাট কোহলিও রয়েছেন। ভারতের ইনিংসের চেহারা বদলে দিয়েছেন মূলত ৬, ৭ ও ৮ নম্বরে নামা তিন ব্যাটসম্যান।৬ নম্বরে নামা দলপতি ধোনি করলেন ৬০ বলে ৫০। তবে ম্যাচে প্রথম উত্তেজনা তৈরি করেছেন ৭ নম্বরে নামা রবিচন্দ্রন অশ্বিন, করেছেন ৪৬ বলে ৬৫। ম্যাককালামের বলে মিড উইকেটে উড়িয়ে মারতে গিয়ে একেবারে বাউন্ডারির কাছে ধরা খেলেন অশ্বিন। বাউন্ডারি লাইনের ইঞ্চি কয়েক দূরত্বে অশ্বিনের যে ক্যাচটি হাতে জমালেন গাপটিল, এককথায় অতুলনীয়! চোখে লেগে থাকবে বহুদিন।
অশ্বিন ফিরলেও ম্যাচ জমিয়ে তোলার মূল দায়িত্ব পালন করেন ৮ নম্বরে নামা জাদেজা। ৪৫ বলে ৬৬ করে ব্ল্যাক ক্যাপসদের শরীরে হিম ধরিয়েছেন এ বাঁ হাতি। ম্যাচ সেরাও তিনি। আজ অ্যান্ডারসন অবশ্য খেল দেখিয়েছেন বল হাতে। নিয়েছেন ক্যারিয়ার সেরা ৫ উইকেট।
এর আগে মার্টিন গাপটিলের দুর্দান্ত শতকে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ৩১৪। দলের ৩৬ রানের মাথায় জেসি রাইডার ফিরে গেলেও নিউজিল্যান্ডের ইনিংস জমে যায় উইলিয়ামসন ও গাপটিলের দ্বিতীয় উইকেট জুটিতে। দুজনের যুগলবন্দীতে আসে ১৫৩। উইলিয়ামসন তুলে নেন টানা তৃতীয় ফিফটি। মোহাম্মদ সামির শিকার হওয়ার আগে করেন ৬৫। সনি সিক্স ও ওয়েবসাইট।