অকল্যান্ডে টাইয়ের রোমাঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১৫ রানের লক্ষ্য। ১৮৪ রানে ষষ্ঠ উইকেট পড়ল ভারতের। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ফিরলেন সাজঘরে। প্রথম দুই ম্যাচের মতো অকল্যান্ডেও জিতে যাচ্ছে নিউজিল্যান্ড, পকেটে পুরে নিচ্ছে সিরিজ। এমনটাই তখন স্বাভাবিক মনে হচ্ছিল।
কিন্তু খেলাটার নাম তো ক্রিকেট। যেকোনো ফলই সম্ভব! ৮৬ বলে ভারতের দরকার ১৩১ রান। উইকেটে এলেন রবীন্দ্র জাদেজা। দলকে নিয়ে গেলেন জয়ের খুব কাছে। রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচটা শেষ পর্যন্ত টাই!
২৮৬ রানে নবম উইকেট হারিয়েছিল ভারত। শেষ ওভারে ১৭ রান নিয়ে টাই করতে পারা ধোনির দলের জন্য নৈতিক জয়ই। একই সঙ্গে এই টাইয়ে সিরিজ বাঁচানোর আশাও টিকে রইল সফরকারীদের। আগের দিনই অস্ট্রেলিয়াকে টপকে ফেরত পাওয়া ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও থাকল ভারতেরই হাতে। সেই মিশনে কঠিন একটা ম্যাচই গেল ধোনির দলের!
৬০ বলে ৫০ রান করে ধোনি ফিরলে সপ্তম উইকেটে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে জাদেজা ৫৫ বলে যোগ করেছেন ৮৫ রান। ৪৬ বলে ৮ চার ও ১ ছয়ে ৬৫ রান করার পর ডিপ মিড উইকেটে মার্টিন গাপটিলের অবিশ্বাস্য এক ক্যাচ হয়েছেন অশ্বিন। ৩ ওভার পর নবম ব্যাটসম্যান হিসেবে ফিরলেন মোহাম্মদ সামি। ১৩ বলে ভারতের চাই ২৯ রান। শেষটা শুধুই জাদেজাময়।
মিচেল ম্যাকলেনাহানের ৪৯তম ওভারে এল ১১ রান। শেষ ওভারে ১৮ রান প্রয়োজন, ব্রেন্ডন ম্যাককালাম আস্থা রাখলেন প্রথম ৯ ওভারে ৪৬ রান দিয়ে ৫ উইকেট নেওয়া কোরি অ্যান্ডারসনের ওপর। প্রথম বল ডিপ মিড উইকেট দিয়ে সীমানাছাড়া করে জাদেজার চার। দ্বিতীয় বল ওয়াইড। পরের বলে রান হয়নি। ৪ বলে ১৩ দরকার। ভারতের ওপর চেপে বসা ফাঁস কিছুটা আলগা হলো আরেকটি ওয়াইডে। পরের দুই বলে চার ও ছয়।
শেষ বলে ২ রান হলেই জিতে যায় ভারত। মরিয়া ম্যাককালাম বজ্র আঁটুনি দিলেন অফসাইডে। জাদেজা চেষ্টা করলেন, কিন্তু অফ স্টাম্পের বাইরে করা বল আটকে গেল সিলি মিড অফে। ১ রান। জাদেজা দৌড়ালেনই না দ্বিতীয় রানের জন্য। ৪৫ বলে ৪ ছক্কা ও ৫ চারে ৬৬ রান—বল হাতে ২ উইকেট, ম্যাচসেরা জাদেজাই। ৪৭তম ওভারে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়েও যিনি আম্পায়ারের সৌজন্যে বেঁচে গেছেন।
শেষ বলে অলআউট হওয়া নিউজিল্যান্ড ইনিংসে আলো ছড়িয়েছেন ওপেনার গাপটিল। ১১১ রান করেছেন এদিন, যেটি তাঁর পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি। দ্বিতীয় উইকেটে ১৫৩ রান এসেছে গাপটিল-উইলিয়ামসন জুটিতে।
জয় না পাওয়ায় মন খারাপ হতেই পারে গাপটিলদের। তবে হারতে বসেও টাই করে পুরোপুরি খুশি নন ধোনি, ‘পরিস্থিতি কাজে লাগিয়ে আমাদের সহজেই জেতা উচিত ছিল। আমাদের কিছু ব্যাটসম্যান কাজটা করতে পারেননি। তাই খানিকটা অসন্তুষ্টই আমি।’ পরক্ষণেই তাঁর সংযোজন, ‘...তবে এটাও ভালো ফল, আমরা সিরিজে তো রইলাম।’
চতুর্থ ওয়ানডে ২৮ জানুয়ারি হ্যামিল্টনে। এএফপি, ওয়েবসাইট।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩১৪ (গাপটিল ১১১, রাইডার ২০, উইলিয়ামসন ৬৫, অ্যান্ডারসন ৮, টেলর ১৭, ব্রেন্ডন ম্যাককালাম ০, রনকি ৩৮, নাথান ম্যাককালাম ১, সাউদি ২৭, ম্যাকলেনাহান ৩, বেনেট ৩*; ভুবনেশ্বর ১/৪৮, সামি ২/৮৪, অ্যারন ১/৫২, জাদেজা ২/৪৭, অশ্বিন ১/৪৭, রায়না ০/২৬)। ভারত: ৫০ ওভারে ৩১৪/৯ (ধাওয়ান ২৮, রোহিত ৩৯, কোহলি ৬, রাহানে ৩, রায়না ৩১, ধোনি ৫০, অশ্বিন ৬৫, জাদেজা ৬৬*, ভুবনেশ্বর ৪, সামি ২, অ্যারন ২*; সাউদি ১/৭৪, ম্যাকলেনাহান ০/৭৬, বেনেট ২/৪১, অ্যান্ডারসন ৫/৬৩, উইলিয়ামসন ০/১৭, নাথান ম্যাককালাম ১/৩৯)।
ফল: টাই।
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ২-০-তে এগিয়ে।
ম্যান অব দ্য ম্যাচ: রবীন্দ্র জাদেজা।