অকাট্য প্রমাণ ট্যাবলয়েডের হাতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্যাবলয়েড পত্রিকা বলে এমনিতেই লোকে তাদের একটু কম বিশ্বাস করে। তার ওপর আবার ব্রিটেনে পাকিস্তানি হাইকমিশনার ওয়াজিদ সামসুল হাসান বলেছিলেন, নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর রিপোর্টের বিশ্বাসযোগ্যতা নেই। কারণ তাদের কাছে মাজহার মাজিদের ভিডিওর সময়-তারিখ নেই।হাইকমিশনারের এই দাবি আগেই উড়িয়ে দিয়েছে পত্রিকাটি। এবার তারা গতকালকের সংখ্যায় সবিস্তারে উল্লেখ করেছে, কী কী প্রমাণ আছে তাদের কাছে। পত্রিকাটিতে লেখা হয়েছে, ‘আমাদের কাছে অকাট্য সব প্রমাণ আছে। যার মধ্যে ই-মেইল, টেক্সট মেসেজ, ফোন রেকর্ডস, ভিডিও ও বিভিন্ন রসিদ আছে।’এরপর পত্রিকাটি বলেছে, ‘লন্ডন ট্রাভেল এজেন্টের কাছ থেকে আমাদের প্রতিবেদক যে এক লাখ ৪০ হাজার পাউন্ড তুলেছে, তার রসিদ আছে। আমাদের ছদ্মবেশী তদন্তকারী সম্পাদক মাজহার মাহমুদ লন্ডন হোটেলে মাজহার মাজিদকে টাকা হস্তান্তর করতে যাওয়ার জন্য যে গাড়ি ভাড়া করেছিলেন, তার রসিদ আছে।’এরপরই আরও কৌতূহলোদ্দীপক প্রমাণের কথা লিখেছে নিউজ অব দ্য ওয়ার্ল্ড, ‘২৫ আগস্ট ওই মিটিংয়ে যোগ দেওয়ার জন্য মাহমুদ ও মাজিদ আলাদাভাবে হোটেলে যে ঢুকছেন, সেটির সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে আছে। ৯টা ৫৩ মিনিটে মাহমুদকে মাজিদ টেক্সট মেসেজ পাঠিয়েছিল, ‘‘বস, আমরা কি সাড়ে ১০টায় দেখা করতে পারি?’’ এর খানিক পর আরেকটা মেসেজ আসে, ‘‘কোন হোটেলে”?’নিউজ অব দ্য ওয়ার্ল্ড পত্রিকাটি দাবি করেছে, লর্ডস টেস্টের আগেই ঘটনার বিবরণ দিয়ে ছদ্মবেশী প্রতিবেদক মাহমুদ অফিসে ই-মেইল করেন। সেই ই-মেইলও দিন-তারিখ উল্লেখ আছে, ‘কী ঘটছে না ঘটছে তার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে মাহমুদ আমাদের সম্পাদক কলিন মিলার, আইনজীবী টম ক্রোন ও বার্তা সম্পাদককে ই-মেইল করেন। তাঁর ই-মেইলের সময় হলো ২৬ আগস্ট, ০১.২৪; লর্ডস টেস্ট শুরু হওয়ার সাড়ে নয় ঘণ্টা আগে।’ ওয়েবসাইট।