অক্টোপাস পলকে ছাড়িয়ে গেল ভার্চুয়াল জ্যোতিষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোসফটের তৈরি ভার্চুয়াল জ্যোতিষী কর্টানা।
মাইক্রোসফটের তৈরি ভার্চুয়াল জ্যোতিষী কর্টানা।

বিশ্বকাপ মানেই বোধ হয় নতুন নতুন জ্যোতিষীর আবির্ভাব। গত বিশ্বকাপে পল, এবার আছে চাইনিজ পান্ডা আর দুবাইয়ের উট, জ্যোতিষীর তালিকায় প্রাণিজগতের কিছুই বুঝি বাদ যায়নি। তবে মাইক্রোসফট এবার নিয়ে এসেছে অভিনব এক ভবিষ্যদ্বক্তা। অক্টোপাস বা অন্য কোনো প্রাণী নয়, এবার জ্যোতিষী ভার্চুয়াল এক চরিত্র। এ পর্যন্ত ১৪টি নকআউট ম্যাচের ১৪টিতেই সঠিক ভবিষ্যদ্বাণী করে সাড়া ফেলেছে ভার্চুয়াল রমণী ‘কর্টানা’।

‘কর্টানা’ নামটি মূলত নেওয়া হয়েছে ভিডিও গেমের বিখ্যাত একটি চরিত্র থেকে। উইন্ডোজ ফোনের ডিজিটাল সহকারী হিসেবে বানানো হয় এই সফটওয়্যার। তবে বাড়তি কাজ হিসেবে বিশ্বকাপের ম্যাচগুলোর ভবিষ্যদ্বাণীটাও করছে এই নারী চরিত্র। ভবিষ্যদ্বাণী জানতে কোনো ঝামেলার বালাই নেই, ‘আগামী ম্যাচে কে জিতবে?’ এটুক জিজ্ঞেস করলেই হলো। সঙ্গে সঙ্গেই কর্টানা মিষ্টি সুরে বলে দেবে, পরবর্তী ম্যাচে কে হতে পারে বিজয়ী।

স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা-জার্মানি দুদলের সমর্থকেরা অপেক্ষা করে ছিল কর্টানা এবার কী ভবিষ্যদ্বাণী করে সেদিকে। ভবিষ্যদ্বাণী এরই মধ্যে করেও ফেলেছে সে। এবং তাতে চওড়া হয়েছে জার্মানদের হাসি। কর্টানার নির্ভুলতার হার শতভাগ অটুট থাকলে চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হতে যাচ্ছে জার্মানি।

গত বিশ্বকাপে জার্মানির সাতটি ম্যাচ ও ফাইনালের নির্ভুল ভবিষ্যদ্বাণী করে হইচই ফেলেছিল অক্টোপাস পল। কিন্তু ২০০৮-এর ইউরো হিসাবে আনলে মোট ১৬ ম্যাচের মধ্যে পলের সাফল্য ১৪ ম্যাচে। সেই তুলনায় কর্টানা কিন্তু শতভাগ সফল। এই বিশ্বকাপের বাকি আছে আরও দুটি ম্যাচ, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী। এই দুই ম্যাচেও কর্টানার ভবিষ্যদ্বাণী ফলে গেলে পলের সাফল্যকে নিশ্চিতভাবেই ঢেকে ফেলবে এই বিস্ময়কর সফটওয়্যার।

হল্যান্ডকে হারিয়ে তৃতীয় স্থান জিতবে ব্রাজিল, এমনটাও বলেছে এই ভার্চুয়াল রমণী। এই দুই ম্যাচের পরও কর্টানার শতভাগ সাফল্য বজায় থাকবে কি না, তা সময়ই বলে দেবে। তবে ফাইনালেও বজায় থাক কর্টানার শতভাগ সাফল্য, আর্জেন্টিনা সমর্থকেরা নিশ্চয়ই এমনটা চাইবে না।