অক্টোপাস পলের মৃত্যুতে ম্যারাডোনা খুশি!
জার্মানির সাত ম্যাচের সাতটি আর বিশ্বকাপের ফাইনাল—সব কটিতেই নির্ভুল ভবিষ্যদ্বাণী করে বিশ্বের ‘সর্বশ্রেষ্ঠ’ জ্যোতিষী হিসেবে খ্যাতির শীর্ষে ওঠা অক্টোপাস পল মারা যাওয়ায় শোকহত ভক্তরা। পলের কীর্তি স্মরণীয় করে রাখতে স্মৃতিস্তম্ভ বানানোর ঘোষণা দিয়েছে জার্মান অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ। তবে পলের মৃত্যুতে শোকবার্তা নয়, বরং আনন্দিত বলে জানিয়েছেন আর্জেন্টিনার সাবেক কোচ ডিয়েগো ম্যারাডোনা।জ্যোতিষী অক্টোপাসের প্রতি ম্যারাডোনার এই ক্ষোভের কারণটাও অনেকের জানা। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল আর্জেন্টিনা। আর আর্জেন্টিনার কোচ হিসেবে সেটাই ছিল ম্যারাডোনার শেষ ম্যাচ। সেই ম্যাচের ফলাফলটাও যে আগে থেকে ভবিষ্যদ্বাণী করে রেখেছিল জ্যোতিষী অক্টোপাস পল!বিশ্বকাপ থেকে দলের বিদায়ের পরই ম্যারাডোনা ক্ষুব্ধ হন পলের ওপর। মাঝে কয়েক মাস কেটে গেলেও সেই ক্ষোভ এখনো কাটেনি। দ্য হিন্দু আজ বুধবার জানায়, টুইটারে ম্যারাডোনা লিখেছেন, ‘পল বিদায় নিয়েছে বলে আমি খুশি। তার কারণেই বিশ্বকাপে হেরে গিয়েছিলাম আমরা!’