অক্টোপাসকে থামাবে উরুগুয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের ফাইনাল রোববার। অথচ গতকাল শুক্রবারই ঘোষণা এসেছে, বিশ্বকাপের শিরোপা যাচ্ছে স্পেনের ঘরে! আর উরুগুয়েকে হারিয়ে তৃতীয় স্থানের মর্যাদা পাবে জার্মানি! আপনাদের হয়তো এতক্ষণে জানা হয়ে গেছে ঘোষণাটি কে দিয়েছে, পল নামের সেই ‘জ্যোতিষী’ অক্টোপাস। বিশ্বকাপে জার্মানির ছয়টি ম্যাচেরই নির্ভুল ভবিষ্যদ্বাণী করে অক্টোপাস পল বিশ্বের ‘সর্বশ্রেষ্ঠ’ জ্যোতিষী হিসেবে এখন খ্যাতির শীর্ষে। জার্মানির জাতীয় অ্যাকুরিয়ামের এই অক্টোপাসটি ইতিমধ্যেই বিশ্বব্যাপী সেলিব্রেটির মর্যাদা পেয়ে গেছে। তবে আর নয়। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অক্টোপাসের ভবিষ্যদ্বাণীকে মিথ্যা প্রমাণিত করে এই জ্যোতিষীর জয়রথ থামানোর ঘোষণা দিয়েছেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ।আজ রাতে জার্মানির সঙ্গে তৃতীয় স্থানের লড়াইয়ে নামছে উরুগুয়ে। যেভাবে নির্ভুল ভবিষ্যদ্বাণী করে যাচ্ছে পল, তাতে কি একটু ভয় পাচ্ছে উরুগুয়ে? ভয় পাক আর না পাক, পলের ভবিষ্যদ্বাণী যে উরুগুয়ে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে তা প্রকাশ করেছেন দলটির কোচ নিজেই। অস্কার তাবারেজ ইএসপিএন সকারনেটকে বলছেন, ‘জার্মানদের হারানোই এখন কেবল লক্ষ্য নয়, অক্টোপাসকেও হারানোর লক্ষ্য আমাদের। জার্মানিকে হারাতে পারলে চমৎকার হবে। আর সেই সামর্থ্য আমাদের রয়েছে। পলকে মিথ্যা প্রমাণিত করার সময় এসে গেছে। ফুটবল যে আগে থেকে নির্ধারিত হওয়ার খেলা নয়—এর মাধ্যমে তা সবাইকে মনে করিয়ে দেওয়া হবে।’