অক্টোবরে কোন প্রিমিয়ার লিগ?
খুবই ভালো কথা যে অবশেষে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর একটা দিনক্ষণ পাওয়া গেল। দলবদল হবে আগামী ৪ ও ৫ আগস্ট। এরপর ১০ অক্টোবর লিগ শুরু হয়ে শেষ হবে ২৫ নভেম্বর। কিন্তু এটা কোন মৌসুমের প্রিমিয়ার লিগ, সেই প্রশ্নের উত্তর দিতে পারলেন না খোদ সিসিডিএম চেয়ারম্যান আ জ ম নাসিরও!
সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগটা গত বছরের ১০ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হয়েছে ২৯ নভেম্বর। সময়ের হিসাবে এটারই ২০১৩-১৪ মৌসুমের প্রিমিয়ার লিগ হওয়ার কথা। তার অর্থ, ২০১২-১৩ মৌসুমে প্রিমিয়ার লিগ হয়নি ধরে নিতে হবে। কিন্তু বিসিবির ওয়েবসাইটে গত বছর হওয়া লিগটাকে বলা হচ্ছে ২০১২-১৩ মৌসুমের প্রিমিয়ার লিগ। সে ক্ষেত্রে আবার ২০১৩-১৪ মৌসুমের লিগটি ‘হাওয়া’ হয়ে যাচ্ছে। কারণ, কাল বর্ষপঞ্জি নিয়ে বিসিবির সভার পর আগামী প্রিমিয়ার লিগ শুরু-শেষের যে সম্ভাব্য তারিখ জানানো হলো, সময়ের হিসাবে সেটি হয় ২০১৪-১৫ মৌসুমের লিগ। আর সিসিডিএম যদি এটাকেই ২০১৩-১৪ লিগ বলতে চায়, তাহলে প্রশ্ন ওঠে যে ২০১৪-১৫ মৌসুমের লিগটি হবে কবে?
সভা শেষের সংবাদ সম্মেলনে এর অদ্ভুত এক উত্তর দিলেন আ জ ম নাসির। ক্রিকেট খেলা হয় মৌসুম ধরে এবং ক্রীড়া সংগঠক মাত্রেরই তা জানার কথা। অথচ সিসিডিএম-প্রধান বলে দিলেন, ‘মৌসুম বলতে কোনো শব্দ নেই। আমরা গত বছর লিগ করেছি। গত বছরের সেপ্টেম্বরে লিগ হয়েছে, এ বছর একইভাবে লিগ হবে। আগামী বছরও এভাবেই হবে।’ আরেক প্রশ্নের জবাবে বলেছেন, ‘২০১২-১৩ বুঝি না। গত বছর লিগ করেছি, এবারও করব।’ অথচ গত বছর ক্লাবগুলোর গড়িমসি আর ক্রিকেটারদের আন্দোলনের পর শেষ পর্যন্ত যখন লিগ শুরু হলো, তৎকালীন সিসিডিএম চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন, ওই লিগ শেষ হলে ২০১৪ মার্চ-এপ্রিলে আরেকটা লিগ আয়োজন করবে সিসিডিএম। প্রতিশ্রুতিটা শেষ পর্যন্ত মিথ্যেই প্রমাণিত হলো।
আর ঢাকার ক্রিকেটের অভিভাবক হয়েও সিসিডিএম-প্রধানের মৌসুমের হিসাব না বোঝার কিংবা বুঝতে না চাওয়ার একটাই অর্থ—ঘরোয়া ক্রিকেট ও ক্রিকেটারদের জীবন থেকে চুরি হয়ে গেল মূল্যবান একটা মৌসুম। অভিভাবকদের মানসিকতা যখন এমন হয়, তখন কুড়িয়ে যা পাওয়া যায়, তাতেই সন্তুষ্ট থাকতে হয় পোষ্যদের। বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থাও হয়েছে সে রকম। তুষার ইমরান যেমন সব ভুলে লিগ হচ্ছে তাতেই খুশি, ‘আমরা খেলায় থাকতে চাই। মাঝে একটা মৌসুম মিস হয়ে গেলেও শেষ পর্যন্ত খেলাটা হলেই হয়। একবার তো শুনেছিলাম, এবার লিগই হবে না।’
শেষ পর্যন্ত লিগ হচ্ছে, এটাই যদি সুসংবাদ হয়, তাহলে ক্রিকেটারদের জন্য আরও বড় সুসংবাদ হলো, গতবারের মতো এবার আর ‘প্লেয়ার বাই চয়েজ’ নামক লটারির মাধ্যমে দলবদল হবে না। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, দলবদল হবে আগের মতোই উন্মুক্ত।
সভায় পরবর্তী বিপিএল নিয়েও সিদ্ধান্ত হয়েছে। সেটা হবে আগামী ১ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারির মধ্যে। সিদ্ধান্ত হয়েছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট নিয়েও। ১ ও ২ সেপ্টেম্বর দলবদল হয়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হবে ১২ অক্টোবর থেকে। এবার প্রথম বিভাগের দলগুলোকে নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। তবে এ নিয়ে আগে সিসিডিএমে আলোচনা করবেন বলে জানিয়েছেন সিসিডিএম-প্রধান। দ্বিতীয় ও তৃতীয় বিভাগের দলবদল হবে ১৭ ও ১৮ নভেম্বর। দুটি লিগই শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে।
এ ছাড়া জাতীয় লিগ ও বিসিএলের ব্যাপারে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে সভার শেষে। তবে ফতুল্লায় চলতি বিসিএলের শেষ রাউন্ডের দুটি ম্যাচ আগামী ২৮ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা থাকলেও ম্যাচ দুটি এখন শুরু হবে ২ মে থেকে। ৮ মে থেকে মিরপুরে শুরু হবে পাঁচ দিনের ফাইনাল।