অখুশি নন স্কলারি

কখনো হাত-পা ছুড়ে কিছু একটা বলছেন, কখনো আবার হতাশায় মাথা চেপে বসে পড়েছেন বেঞ্চে। টিভি ক্যামেরায় লুইস ফেলিপে স্কলারিকে দেখে মনে হচ্ছিল একরাশ ক্ষোভ-হতাশা বুঝি দলা পাকিয়ে উঠছে মনে। ‘বিগ ফিল’ মাঠেই যখন এতটা আগ্নেয়গিরি, ড্রয়ের পর তো আরও ফুঁসে ওঠারই কথা। অদ্ভুতই বটে, ম্যাচের পর ব্রাজিল কোচের প্রতিক্রিয়া বিস্ময়করভাবে অন্য রকম। নিজেদের মাঠে মেক্সিকোর সঙ্গে ড্র করার পরেও খুব একটা নাকি অখুশি নন ব্রাজিল কোচ!
পরশু গোলরক্ষক গিলের্মো ওচোয়া অমন অতিমানব না হয়ে দাঁড়ালে ব্রাজিল নিশ্চিতভাবেই জয় নিয়ে মাঠ ছাড়তে পারত। তার পরও দলের আক্রমণ নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। স্কলারি অবশ্য দলের খেলায় উন্নতির ছাপ দেখছেন, ‘আমার মতে, ক্রোয়েশিয়ার ম্যাচের চেয়ে ব্রাজিল আজ ভালো খেলেছে। আরও ভালো খেলতে পারি আমরা। উন্নতিও করেছি। সেই ম্যাচের চেয়ে অন্তত ১০ ভাগ তো বটেই। এখন আমাদের ভালোভাবেই পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আছে।’
গোলশূন্য ড্রয়ের পরও স্কলারি দাবি করলেন, ‘আমি সন্তুষ্ট। যা হয়েছে, সেটাতে আমি খুশি। ব্রাজিলে অনেকেই মনে করে, আমাদের প্রতিদ্বন্দ্বীরা কখনোই ভালো খেলতে পারে না। কিন্তু মেক্সিকো আজ অবিশ্বাস্য খেলেছে।’ মেক্সিকো কোচ মিগুয়েল হেরেরা অবশ্য স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ভেসে গেলেন, ‘এটা ছিল সমান-সমান লড়াই। দল প্রমাণ করেছে আমরা সবকিছুর জন্য তৈরি। অসাধারণ একটা প্রতিপক্ষের সঙ্গে অসাধারণ একটা ম্যাচ খেলেছি আমরা।’
স্কলারির কপালে ভাঁজ জমিয়ে দিয়েছেন আসলে ফ্রেড-জোরা। গোল করা দূরে থাক, তেমন কোনো সুযোগই সৃষ্টি করতে পারেননি দলের স্বীকৃত দুই স্ট্রাইকার। তুরুপের তাস নেইমার অবশ্য বেশ কয়েকবার কাছাকাছি গিয়েছিলেন। বলতে গেলে আক্রমণের দায়িত্বটা একাই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। স্কলারি তাই ঢাল তুলে দিলেন ছাত্রের সামনে, ‘নেইমার একা কখনো জিততে পারে না। একা হারতেও পারে না। সে একটা দলের অংশ। এখানে সে মাঝেমধ্যে ব্যবধান গড়ে দিতে পারে। এটা আমরা সবাই জানি, সে কিন্তু দলের অংশই। সে এই দলের হয়েই জেতে, এই দলের হয়েই হারে।’
কিন্তু পরের রাউন্ডে যাওয়ার পথটা খানিকটা হলেও কি অনিশ্চিত হয়ে গেল না? স্কলারি বলছেন, ‘পরের ম্যাচগুলো জেতার সব সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।’ ওয়েবসাইট৷