অখ্যাত বিসলার বীরত্বগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবিন্দর বিসলা নামটি শুনেছে কয়জন? এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কয়েকটি ম্যাচে উইকেট রক্ষার দায়িত্ব পালন করা এই অখ্যাত খেলোয়াড়টিই কাল আইপিলের ফাইনালের নায়ক। তিনি তাঁর পারফরম্যান্স দিয়ে ছাপিয়ে গেছেন গম্ভীর, ক্যালিস, ব্রেট লি, সাকিবদেরও। হয়তো, গ্যালারিতে নিজ দলের সাফল্য কামনা করে উত্কণ্ঠায় থাকা বলিউড-রাজ শাহরুখ খানও কাল ছিলেন বিসলার চেয়েও ম্লান।অথচ, এই বিসলার কাল নাকি খেলারই কথা ছিল না। পেসার লক্ষ্মীপতি বালাজির চোটজনিত অনুপস্থিতিই ভাগ্য খুলে দেয় বিসলার। চারজন বিদেশি খেলোয়াড়ের কোটা থাকায় বাদ পড়ে যান ব্র্যান্ডন ম্যাককালাম। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেয়ে শেষ পর্যন্ত ৪৮ বলে ৮৯ রানের এক ‘বীরত্বপূর্ণ’ ইনিংস খেলে সেই বিসলাই নায়ক।বিসলার ইনিংসটি সত্যিকারের এক বীরত্বগাথা। এটি কেবল একটি ইনিংসই নয়, বরং একটি পরিস্থিতিকে জয় করা। প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস ১৯০ রান করে ফেলায় কী পরিস্থিতিতে কলকাতাকে ব্যাট করতে হয়েছে, সেটা অনুধাবনের বিষয়। আর বিসলার সেই বীরত্বই কলকাতার কাজটা করে দিয়েছে অনেকটাই সহজ। প্রথমবারের মতো আইপিএলের শিরোপাটা কলকাতা নগরে আসার মূল সহায়ক ওই অখ্যাত বিসলার ব্যাটই।একাদশে বিসলার অন্তর্ভুক্তি যে অধিনায়ক গৌতম গম্ভীরের মস্তিষ্ক-প্রসূত, সেটা জানা গেছে ম্যাচের শেষেই। ব্র্যান্ডন ম্যাককালামকে দলে না নেওয়ায় পুরো ম্যাচ জুড়েই ছিল অস্বস্তি। খেলা শেষে তাই গম্ভীর বললেন, ‘আমি গভীরভাবে বিশ্বাস করি একজন অধিনায়ক সফল তখনই, যখন তাঁর দল সফল। বিসলাকে যখন আমি দলে নিই, তখন আমি জানি যে আমার সাজঘরে কয়েকজন ভালোমানের খেলোয়াড় বসে আছেন। কিন্তু সিদ্ধান্তটা ভেবে-চিন্তেই নেওয়া হয়েছিল।’মাঠে বীরত্ব দেখিয়ে বিসলা কিন্তু শান্তই ছিলেন। কেবল বলেছেন, ‘আমি আমার নিজের খেলাটা খেলেছি।’ তিনি আরও বলেন, দলের সাফল্যের অনুষঙ্গ হতে পেরে আমি সত্যিই খুব খুশি।’নিজের ব্যাটিং নিয়ে আলাদা করে ভাবেনইনি বলে জানিয়েছেন বিসলা। তিনি বলেন, ‘সত্যিই ব্যাটিং নিয়ে আলাদা করে ভাবিনি। কোনো আলাদা পরিকল্পনা করিনি। আমি কেবল মাঠে গিয়ে ম্যাচটা উপভোগ করার চেষ্টা করেছি।’ বিসলা সঙ্গী হিসেবে ক্যালিসকে পাওয়ায় বেশ কৃতজ্ঞও। বলেছেন, ‘কিংবদন্তি এই ব্যাটসম্যানকে সঙ্গী হিসেবে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। ব্যাটিংয়ের সয় তিনি সবকিছু ভুলে খেলাটাকে উপভোগ করারই পরামর্শ দিয়ে গেছেন।’ দ্য হিন্দু, পিটিআই।