অগত্যা হোটেল বদলানোর চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ চলাকালে দলের মধ্যে অনেক মিটিংই হয়। কিন্তু হলিডে ইন হোটেলে পরশু রাতে যে মিটিংটা হলো, এ রকম মিটিং আর কখনো হয়েছে কি না সন্দেহ। বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ত্রিপক্ষীয় মিটিংয়ে বসেছিলেন জিম্বাবুয়ে ক্রিকেটের পরিচালনা ব্যবস্থাপক ক্রিস চিকেটা ও হলিডে ইন হোটেলের প্রতিনিধি।হোটেল প্রতিনিধিও থাকায় নিশ্চয়ই বোঝা যাচ্ছে মিটিংয়ের কারণটা। হ্যাঁ, বাথরুমের কল দিয়ে ক্রমাগত ‘পেট্রল’ আসা বন্ধ না হওয়াতেই ডাকা হয়েছিল ওই জরুরি বৈঠক। যেখানে হোটেল কর্তৃপক্ষ ও জিম্বাবুয়ে ক্রিকেটের কর্মকর্তা আশ্বাস দিয়েছেন, এক দিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। জবাবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে, এক দিনের মধ্যে সমাধান না হলে হলিডে ইন ছেড়ে তারা চলে যাবে অন্য হোটেলে। কাল সকালে মাঠে যাওয়ার আগে দলের ম্যানেজার তানজীব আহসানের কণ্ঠে ক্ষোভ, ‘আজকের (গতকাল) মধ্যে পানির সমস্যা দূর না হলে আমরা রেইনবো টাওয়ার হোটেলে চলে যাব। দিনের পর দিন এভাবে থাকা যায় না।’ রেইনবো হোটেলে গিয়ে নাকি এটা নিয়ে কথাও বলে এসেছেন তিনি।পানিতে পেট্রলের গন্ধ আসার কারণ খুঁজতে গিয়ে জানা গেছে অদ্ভুত সব তথ্য। হোটেলের এক কর্মকর্তার দাবি, এ মুহূর্তে নাকি গোটা হারারের পানিই পেট্রলের গন্ধ ছড়াচ্ছে। কী একটা মেরামতকাজ করতে গিয়ে কোথাও ছিদ্র হয়ে গেছে শহরের মূল পানির পাইপে। সেটা দিয়ে কীভাবে যেন পাইপে ঢুকে পড়েছে তেলজাতীয় পদার্থ। ব্যাখ্যাটা একদমই গ্রহণযোগ্য নয় এই কারণে, খাওয়াদাওয়া করতে গিয়ে হারারের কোনো হোটেল-রেস্টুরেন্টের পানিতেই এ রকম ঝাঁজালো গন্ধ পাওয়া যায়নি। পেট্রলের ‘সুবাস’ ছড়াচ্ছে না হারারে স্পোর্টস ক্লাবের পানিও। তা ছাড়া শহরের পানিবণ্টনব্যবস্থায় এত বড় একটা বিপর্যয় ঘটে গেল, আর তা স্থানীয় কোনো পত্রপত্রিকায় আসবে না, তা কী করে হয়!এর চেয়ে তানজীব আহসানের দেওয়া দ্বিতীয় ব্যাখ্যাটাই বেশি গ্রহণযোগ্য, ‘হোটেলের পানির লাইনে সম্ভবত কোনো একটা সমস্যা হয়েছে। তারা এখন বাইরে থেকে পানি এনে সাপ্লাই দিচ্ছে। কিন্তু যে প্রতিষ্ঠানকে পানি আনার দায়িত্ব দেওয়া হয়েছে, তারা নাকি তেলের কনটেইনারে করে পানি আনছে।’ পানিদূষণের এই ব্যাখ্যা হলিডে ইনেরই একজনের কাছ থেকে শুনেছেন বলে জানালেন টিম ম্যানেজার।এ অবস্থায় গায়ে ‘জ্বালানি তেল’ ঢালার ‘ঝুঁকি’ এড়াতে অনেকে গোসল-টোসলও বাদ দিয়েছেন। হোটেল কর্তৃপক্ষ অবশ্য সমস্যা সমাধানের আগ পর্যন্ত বাংলাদেশ দলের খেলোয়াড়-কর্মকর্তাদের জন্য বিকল্প পানির ব্যবস্থা করেছে। খাওয়ার পানির বাইরে হাত-মুখ ধোয়ার জন্য দেওয়া হচ্ছে তিন বোতল করে বাড়তি মিনারেল ওয়াটার। কিন্তু সারা দিনের জন্য এই তিন বোতল পানি যথেষ্ট হওয়ার কোনো কারণ নেই। হলিডে ইনের ‘পেট্রল’ তাই কোনো না কোনোভাবে ব্যবহার করতেই হচ্ছে। সে অভিজ্ঞতাটা কেমন জানতে চাইলে সাকিব আল হাসানের উত্তর, ‘হাত ধোয়ার পর মনে হয় যেন হাতে তেল লেগে আছে...।’