
স্পেনের জন্য এবার শিরোপা ধরে রাখার মিশন৷ তবে ব্রাজিলে পা রেখে কোচ ভিসেন্তে দেল বস্ক ভালো করেই বুঝতে পারছেন, শিরোপা ধরে রাখতে হলে পাড়ি দিতে হবে বন্ধুর পথ। মাঠের প্রতিপক্ষের পাশাপাশি লড়াই করতে হবে বাইরের প্রতিপক্ষের সঙ্গেও। গ্যালারি-ভর্তি দর্শকও হবে তাঁদের প্রতিপক্ষ। তবে স্পেন কোচ বললেন, ব্রাজিলিয়ানদের অগ্নি-অভ্যর্থনার জন্য তাঁরা তৈরি৷
শিরোপার পথে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকেই প্রধান বাধা মানছে ব্রাজিলিয়ানরা। এটা একটা কারণ তো বটেই। স্প্যানিশরা ব্রাজিলিয়ানদের চোখে প্রতিপক্ষ থেকে ‘শত্রু’ হয়ে ওঠার আরেক কারণ—ডিয়েগো কস্তা। জন্ম ব্রাজিলে হলেও ২৬ বছর বয়সী স্ট্রাইকার বিশ্বকাপ খেলছেন স্পেনের হয়ে। অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকারের জাতীয় দল পরিবর্তনের প্রক্রিয়াটা বন্ধুত্বপূর্ণ ছিল না। এ নিয়ে দুই দেশের ফুটবল ফেডারেশন আদালতেও গেছে৷ সংগত কারণেই কস্তার ‘ডিগবাজি’কে ব্রাজিলিয়ানরা ভালো চোখে নেয়নি। মাঠে গিয়ে তাদের মনের ক্ষোভ-দুঃখ-রাগ উগরে দেওয়ার সম্ভাবনাই প্রবল৷
দেল বস্কও বলছেন, ব্রাজিলে স্পেনকে সমর্থকদের তোপের মুখে পড়তে হবে। কনফেডারেশনস কাপের অভিজ্ঞতা থেকে তিনি ধরেই নিয়েছেন ব্রাজিলে তাঁদের দুয়ো শুনতে হবে৷ তবে এর মধ্যে একটা ইতিবাচক দিকও খুঁজে পাচ্ছেন কোচ, ‘আমি মনে করি, ব্যাপারটা অনেক সম্মানেরও। স্পেনকে যে তারা সম্ভাব্য শত্রু মনে করে, এর মাধ্যমে সেটাই প্রমাণ করেছে তারা।’ দেল বস্ক অবশ্য বলেছেন, মাঠে যা-ই হোক মাঠের বাইরে ব্রাজিলিয়ানরা অত্যন্ত বন্ধুসুলভ।
ব্রাজিল বিশ্বকাপের শুরুতেই স্পেনকে নামতে হচ্ছে অগ্নিপরীক্ষায়। ১৩ জুন গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ গত বিশ্বকাপের রানার্সআপ হল্যান্ড। সালভাদরের এই ম্যাচ হয়ে যাচ্ছে ২০১০ বিশ্বকাপের ফাইনালের পুনর্মঞ্চায়ন। স্পেনকে রুখে দিতে হল্যান্ড বেছে নিয়েছে রক্ষণাত্মক কৌশল। কোচ লুইস ফন গাল জানিয়েছেন স্পেনের টিকি-টাকা অকার্যকর করতে তিনি দলকে খেলাবেন ৫-৩-২ ফরমেশনে। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ চিলি এবং অস্ট্রেলিয়ার রক্ষণও দুর্দান্ত। কিন্তু দেল বস্ক বলছেন, যতই রক্ষণাত্মক কৌশল বেছে নিক, প্রতিপক্ষের রক্ষণ গুঁড়িয়ে দেওয়ার সামর্থ্য তাঁর দলের আছে, ‘প্রথমত, ফুটবল অনেকভাবেই খেলা যায়। আমাদের জাদুকরি কোনো ফর্মুলা নেই। দলে যেসব খেলোয়াড় আছে, তাদের ওপর আস্থা রেখেই আমাদের পরিকল্পনা। এর মানে অবশ্য এই নয় যে অন্যরা ভালো নয় এবং তারা জিতবে না।’ প্রতিপক্ষ রক্ষণাত্মক কৌশল বেছে নিলে তাঁর দল বল দখলে রাখার জন্য বেশি জায়গা পাবে বলেই মনে করছেন দেল বস্ক।
ইউরো-বিশ্বকাপ-ইউরো—ইতিমধ্যেই ইতিহাস গড়েছে স্পেন। এবার সুযোগ নিজেদের আরও উঁচুতে নিয়ে যাওয়ার। দেল বস্ক আত্মবিশ্বাসী, ‘এটা অসম্ভব নয়। তবে প্রতিপক্ষদের সামর্থ্যও আমাদের বুঝতে হবে। আমাদের লক্ষ্য এবং স্বপ্ন বিশ্বকাপ জেতা এবং নিজেদের প্রতি সে বিশ্বাসও আছে।’ এএফপি৷