অগ্নিনির্বাপকদের দাবাজয়

সাভারের রানা প্লাজার দুর্ঘটনা এখনো পোড়ায় তাঁদের। মন পোড়ে এখনো নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা মনে পড়লে। যেখানেই দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড সেখানেই ছুটে যান তাঁরা—ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ারলেস মেকানিক্যাল কর্মকর্তা বদরুল আলম ও লিডার অপারেশন আবু বকর সিদ্দিক। দুজনই সিদ্দিকবাজার ফায়ারস্টেশন সদর দপ্তরের কর্মী। দুজনই তুখোড় দাবাড়ু। কাল শেষ হওয়া প্রথম বিভাগ দাবায় ফায়ার সার্ভিস চ্যাম্পিয়ন হলো মূলত তাঁদেরই অবদানে।
ফায়ার সার্ভিসের কর্মী বললেই চোখে ভেসে ওঠে মানবিকতায় উদ্বুদ্ধ দুটি সাহসী হাত। জীবনবাজির এই পেশায় সারাক্ষণ তটস্থ থাকতে হয়। কান খাড়া রাখতে হয় এই বুঝি কোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের খবর এল। এরই মাঝে বিনোদনের জন্য কখনো ভলিবল, কখনো ক্যারম, কখনো দাবা খেলা। ফায়ার সার্ভিস দাবার পাশাপাশি নিয়মিত কাবাডি ও ভলিবলও খেলে। এবার তো প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় টিকিট মিলল আগামী বছরের প্রিমিয়ার দাবায়। এই দলে ফায়ার কর্মী ছাড়াও খেলেছেন বাইরের চার দাবাড়ু—ফিদে মাস্টার আবদুল মালেক, এস এম স্মরণ, মাসুম হোসেন ও খাইরুল ইসলাম।
২০১০ সালে অবনমনের পর দ্বিতীয় বিভাগ। পরের বছরই রানার্সআপ হয়ে প্রথম বিভাগে ফিরে আসা। এবার চ্যাম্পিয়ন। কিন্তু প্রিমিয়ারে কি টিকে থাকতে পারবে ফায়ার সার্ভিস? দলের অধিনায়ক বদরুল আলমের কণ্ঠে আক্ষেপের সুর, ‘আমাদের বাজেট একেবারেই কম। বাইরের খেলোয়াড়দের টাকাপয়সা দেওয়ার পর আমাদের জন্য কিছুই থাকে না। শুধু যাতায়াত খরচটা পাই।’
দেশের অন্য সার্ভিসেস দলগুলোর অনুশীলনের জন্য আছে আলাদা সুযোগ-সুবিধা, ফায়ার সার্ভিসে তা বলতে গেলে প্রায় নেই-ই। কর্মরত অবস্থায় (অনডিউটি) খেলতে আসতে হয় খেলোয়াড়দের। শুধু দাবার নেশাতেই এঁরা খেলে যান। প্রতিবছর অগ্নিপ্রতিরোধ সপ্তাহে আন্তবিভাগীয় দাবা প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতায় গত তিনবারের চ্যাম্পিয়ন আবু বকর দায়িত্ব ফেলে রেটিং টুর্নামেন্টে খেলার সুযোগ খুবই কম পান। তার পরও স্বপ্ন দেখেন গ্র্যান্ডমাস্টার হওয়ার, ‘রেটিং টুর্নামেন্টে খেলতে পারলে আমিও ভালো করতে পারতাম। আইএম, জিএম নর্মও হতো আমাদের।’