অগ্নিপরীক্ষার জন্য প্রস্তুত হাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ হাফিজ
মোহাম্মদ হাফিজ

পাকিস্তান-ভারত দ্বৈরথ মানেই অন্য রকম রোমাঞ্চ। সেটা কদিন আগে এশিয়া কাপের লড়াইয়ে আরও একবার প্রমাণ হয়ে গেল। সেই স্মৃতির ঝাঁজ টাটকা থাকতে থাকতেই ২১ মার্চ আবার মুখোমুখি হচ্ছে দুই দল। লড়াইটা এবার টি-টোয়েন্টিতে, যেখানে ভারত-পাকিস্তান দ্বৈরথ আরও বেশি রোমাঞ্চের জন্ম দেয়। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচ তো টাই হয়ে গেল। ফাইনালটিতেও হয়েছিল জমজমাট লড়াই।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে ‘আগুনে ম্যাচ’টি নিয়ে ভাবছেন মোহাম্মদ হাফিজও। তবে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ককে অনেকটাই নির্ভার করে দিচ্ছে এই ফরম্যাটে নিজ দলের সাম্প্রতিক পারফরম্যান্স, ‘আমরা সেরা দল নিয়েই বিশ্বকাপ খেলতে এসেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের সাম্প্রতিক পারফরম্যান্স খুব ভালো। তাই প্রতিপক্ষ কে কে আছে, তা নিয়ে ভেবে সময় নষ্ট করতে চাই না। আশা করছি ভারতের বিপক্ষে আমরা ভালোই খেলব।’
বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে স্পিনাররা বাড়তি সুবিধা পাবে বলেই মতামত হাফিজের। তাঁর দলে আছেন সাঈদ আজমলের মতো স্পিনার, ব্যাপারটা হাফিজকে অনেকটাই নির্ভার থাকতে সহায়তা করছে।

নিজের গ্রুপে প্রতিযোগিতার প্রায় সব ‘ফেবারিট’দেরই দেখছেন হাফিজ। ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের মতো দলের যে কেউই এবারের আসর জিততে পারে। তাই কোনো নির্দিষ্ট ম্যাচ নিয়ে নয় প্রতিটি ম্যাচই পাকিস্তানের জন্য সমান গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন পাকিস্তান অধিনায়ক।

ওয়ানডের চেয়ে টি-টোয়েন্টির কর্মকৌশল কিছুটা ভিন্ন বলেই মনে করেন হাফিজ। তাই দুই ফরম্যাটে আলাদা-আলাদা অধিনায়ক পাকিস্তান দলের।
শহীদ আফ্রিদি প্রতিযোগিতার শুরু থেকেই পুরোপুরি ‘ফিট’ হওয়ায় দারুণ খুশি হাফিজ, ‘আফ্রিদিকে নিয়ে বিশ্বকাপের শুরু থেকেই সেরা দল নিয়ে মাঠে নামবে পাকিস্তান। আশা করছি এবারের মিশনটা আমাদের ভালোই হবে।’