অগ্রজ ক্রীড়া সংগঠকদের সম্মাননা
‘বহুদিন পর পুরোনো মুখগুলোকে একসঙ্গে দেখতে পেলাম’—কথাগুলো বলতে গিয়ে আবেগ ছুঁয়ে যাচ্ছিল আসাফ উদ্দৌলাকে। তৎকালীন পূর্ব পাকিস্তানের হয়ে ১৯৫৪ সালে জাতীয় পর্যায়ের সাঁতারে ব্রোঞ্জ জিতেছিলেন। পরে ১৯৭৫ সালে হয়েছিলেন সাঁতার ফেডারেশনের সভাপতি। আসাফ উদদৌলার মতোই কেউ খেলোয়াড় থেকে সংগঠক, আবার কেউ সরাসরি সংগঠক। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এমন অগ্রজ সংগঠকদের কাল এক ছাদের নিচে এনেছিল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ)। যাঁরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ন্যূনতম ২৫ বছর কাজ করেছেন, এমন ৬৫-ঊর্ধ্ব ব্যক্তিত্বদের মধ্য থেকে বাছাই করা ৮৬ জনকে কাল সম্মাননা দিয়েছে সংগঠনটি। সবার গলায় পরিয়ে দেওয়া হয় উত্তরীয়, হাতে দেওয়া হয় ক্রেস্ট।
জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তন যেন সংগঠকদের মিলনমেলায় পরিণত হয়েছিল। কেউ এসে দূর থেকে হাত বাড়িয়ে দিচ্ছেন। কেউ বুকে টেনে নিচ্ছেন পুরোনো বন্ধুদের। আমন্ত্রিতদের মধ্যে এসেছিলেন ৫৬ জন। অনেকে বার্ধক্য ও অসুস্থতার কারণে পাঠিয়েছেন সন্তানদের। মেয়ের হাত ধরে মঞ্চে এসে উত্তরীয় পরলেন সাবেক হকি খেলোয়াড় ও কোচ আবদুর রাজ্জাক সোনা মিয়া। পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করলেন আসাফ উদ্দৌলা, ‘আমাদের হারানো মুশকিল ছিল। আমরা ওদের (পাকিস্তানিদের) হারানোর মধ্যে খুব আনন্দ পেতাম। এত আনন্দ কোথায় পেতাম জানি না। আজ এখানে এসে চারটা সিঁড়ি পার হতেই দম বেরিয়ে গেছে। অথচ একসময় কত দূর সাঁতরেছি।’
ক্রিকেট কোচ ও ক্রীড়ালেখক জালাল আহমেদ চৌধুরীর চোখে অনুষ্ঠানটা ‘কালের সাক্ষী’। অনুষ্ঠানে এসে স্মৃতিকাতর হয়ে পড়লেন কাজী আনিসুর রহমান, মাহমুদুর রহমান মোমিন, ওয়াজেদ গাজী, মোজাফফর হোসেন পল্টু, আবদুল মুয়ীদ চৌধুরী, হারুনুর রশীদ, কুতুব উদ্দিন আকসির, শামসুল আলম আনু, সাংবাদিক কামরুজ্জামানসহ অনেকেই।
বাংলাদেশের ইতিহাসে এমন অনুষ্ঠান আগে কখনো হয়নি। তাই ক্রীড়া লেখক সমিতিকে ধন্যবাদ জানিয়ে মোজাফফর হোসেন বলেন, ‘এটা ব্যতিক্রমী ঘটনা। লোকে পচা অতীত মনে রাখতে চায় না। তবে আমাদের অতীতকে আপনারা মনে রাখার চেষ্টা করেছেন বলে ক্রীড়া লেখক সমিতিকে ধন্যবাদ।’
অনুষ্ঠানের ফাঁকে গান পরিবেশন করেন খুরশিদ আলম, প্রিয়াঙ্কা গোপ, মঞ্জু সাহা, সাবেক টিটি তারকা জোবেরা রহমান লিনু, জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা।