অঘটন ও কাঁদানে গ্যাসে উদ্বোধন
বিতর্ক, বিস্ময়, কাঁদানে গ্যাস, অপেক্ষার যন্ত্রণা, খালি গ্যালারি ও সর্বোপরি অঘটন দিয়ে শুরু হলো আফ্রিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই আফ্রিকান কাপ অব নেশনস। তবে সব ঘটনা পেছনে ফেলেছে জাম্বিয়ার কাছে সেনেগালের হার। প্রতিযোগিতার অন্যতম ফেবারিট সেনেগাল হেরেছে ২-১ গোলে। এর আগে উদ্বোধনী ম্যাচে লিবিয়াকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক ইকুয়েটরিয়াল গিনি।ফিফা র্যাঙ্কিংয়ের ১৫১ নম্বর দল ইকুয়েটরিয়াল গিনির কাছে ৬৩ নম্বর দল লিবিয়ার হারটাকেও অবলীলায় অঘটন বলে চালিয়ে দেওয়া যেত লিবিয়ার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ জানা না থাকলে। যুদ্ধবিধ্বস্ত দেশটি হেরেছে ৮৭ মিনিটে সাবেক রিয়াল মাদ্রিদ খেলোয়াড় হাভিয়ের বালবোয়ার গোলে। এই এক জয়েই এক মিলিয়ন ডলার বোনাস পেয়ে গেছেন স্বাগতিক দলের খেলোয়াড়েরা।স্বাগতিকেরা মাঠে নামিয়েছিল পুরো ‘বিদেশি’ একটি দল। প্রথম একাদশের পাঁচজনের জন্ম স্পেনে, দুজনের আইভরি কোস্টে, একজন করে ছিলেন ক্যামেরুন, কেপভার্দে, ব্রাজিল ও লাইবেরিয়া জাত। কয়েকজন বাবা-মায়ের সূত্রে নাগরিকত্ব পেলেও বাকিরা ফিফা আইন অনুযায়ী পাঁচ বছর গিনিতে ছিলেন কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।ম্যাচ শুরুর আগেও হয়েছে বিস্তর নাটক। মাঠে ঢুকতে অধৈর্য দর্শকদের সামলাতে কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে পুলিশকে। একপর্যায়ে খেপে যান লিবিয়ার কর্মকর্তারা। টুর্নামেন্টের অফিশিয়াল ওয়েবসাইটে গাদ্দাফি আমলের সবুজ রঙের জাতীয় পতাকার বদলে নতুন কালো, লাল ও সবুজ রঙের পতাকা প্রতিস্থাপনের পরই তাঁরা মাঠে নামেন। এরপর প্রেসিডেন্ট টিওডোরো এনগুয়েমা ওবিয়াঙ্গো বাসোগোর লম্বা বক্তৃতায় ম্যাচের শুরুটা পিছিয়ে যায় কয়েক মিনিট।স্বাগতিকদের লজ্জা আরও বাড়ে বেশির ভাগ দর্শকই পরে মাঠ ছেড়ে চলে যাওয়ায়। একই মাঠের দ্বিতীয় ম্যাচে জাম্বিয়া ও সেনেগাল খেলেছে প্রায় ফাঁকা গ্যালারি সাক্ষী করে। খেলা শুরুর ২০ মিনিটের মধ্যেই মায়ুকা ও কালাবার গোলে জাম্বিয়া এগিয়ে যায় ২-০-তে। অনেক সুযোগ নষ্ট করার পর মরিয়া হয়ে চতুর্থ স্ট্রাইকার মাঠে নামান সেনেগাল কোচ ত্রাওরে। ৭৪ মিনিটে ওই চতুর্থ স্ট্রাইকার এনদোয়ের গোলে শুধু ব্যবধানই কমাতে পেরেছে সেনেগাল। এএফপি, রয়টার্স।