অঘটন ঘটতে দিল না চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈত্য-বধের এফএ কাপে অঘটন ঘটতে দিল না চেলসি। ব্রেন্টফোর্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা উঠে গেল পঞ্চম রাউন্ডে। পুঁচকে ব্রেন্টফোর্ড নিজেদের মাঠে আগের লড়াইয়ে কাঁপিয়ে দিয়েছিল চেলসিকে। দুবার পিছিয়ে পড়েও কোনোমতে ২-২ ড্র করেছিল রাফা বেনিতেজের দল। ফিরতি লড়াইটা নিজেদের মাঠে হয়েছে বলেই কি না ইংলিশ ফুটবলের তৃতীয় সারির দল ব্রেন্টফোর্ডকে পাত্তাই দিল না চেলসি।কালও অবশ্য চেলসিকে চোখ রাঙাচ্ছিল লিগ ওয়ানের দলটি। ৫৩ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকা ম্যাচটিতে যে চেলসি এক গন্ডা গোল দিয়ে বসবে ভাবা যায়নি। ৫৪ মিনিটে হুয়ান মাতার গোল দিয়ে যে শুরুটা হয়েছিল, শেষটা হয়েছে ৮১ মিনিটে জন টেরির গোল দিয়ে। ৬৮ থেকে ৭২—চার মিনিটের মধ্যে দুটি গোল করেছেন অস্কার ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। এই মৌসুম শেষেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে ল্যাম্পার্ডের। চুক্তি নবায়ন না করায় গুঞ্জন আছে চেলসির সঙ্গে ল্যাম্পার্ডের এক যুগের সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত তাই যদি হয়ও, চেলসির ইতিহাসে নাম লেখা হয়ে গেছে তাঁর। ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছুঁতে আর মাত্র তিনটি গোল চাই তাঁর। ২০২ গোল নিয়ে ল্যাম্পার্ডের চেয়ে এগিয়ে শুধু ববি ট্যাম্বলিং। কালকের গোলটি টেরির জন্যও বিশেষ কিছু। চোটের কারণে অনেক দিন বাইরে থাকা চেলসি অধিনায়ক দলে ফেরাটা গোল দিয়েই উদ্যাপন করলেন। ম্যাচ শেষে এই ইংলিশ ডিফেন্ডার উড়িয়ে দিয়েছেন কোচ বেনিতেজের সঙ্গে তাঁর বিরোধের কথাও। বেনিতেজ আসার পর মাত্র দুটি ম্যাচের প্রথম একাদশে ছিলেন বলেই এমন গুঞ্জন। তবে টেরি বলছেন, এর জন্য দায়ী শুধুই হাঁটুর চোট। এএফপি।