অঘটনও ঘটিয়ে দিতে পারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমা খাতুন
সালমা খাতুন

ঘটনাটা ২০১১ সালের। দেশের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ হবে ভেবে আগে থেকেই খুব রোমাঞ্চিত ছিলাম। কয়েকজন ক্রিকেটার মিলে একদিন মিরপুর স্টেডিয়ামে ভাইয়াদের খেলা দেখতে যাই। খেলা দেখছিলাম কিন্তু মনের মধ্যে একটা স্বপ্ন সব সময় ঘুরপাক খাচ্ছিল—আমরা কবে বিশ্বকাপে খেলব।
এত তাড়াতাড়ি স্বপ্নটা সত্যি হবে ভাবিনি! ৫০ ওভারের না হোক, টি-টোয়েন্টি বিশ্বকাপে তো খেলছি। তা-ও আবার প্রথমবারের মতো বাংলাদেশে হচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাছাইপর্ব খেলতে হচ্ছে না আমাদের। ভাবতেই খুব আনন্দ লাগছে। ছেলেদের যেমন বাছাইপর্ব খেলতে হচ্ছে, এ নিয়েহয়তো একটু দুশ্চিন্তাও আছে। কিন্তু আমাদের ওসব কিছু নেই, আমরা সরাসরিই খেলব। বিশ্বকাপটা তাই আমাদের কাছে শুধুই আনন্দের।

.
.

বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ জিতেছি। দুটিকে মেলাতে চাই না। তবে আশা আছে টি-টোয়েন্টিতেও ভালোই করব। আসলে আমরা কিন্তু ভালোই করছি। কিন্তু বিশ্বকাপ তো বিশ্বকাপই। এখানে আমাদের আরও ভালো করতে হবে।
এর আগে কখনোই টেলিভিশনে মেয়েদের বিশ্বকাপ দেখিনি। তবে ছেলেদের বিশ্বকাপের খেলা নিয়মিতই দেখেছি। খেলা নিয়ে বাজিটাজি ধরার অভ্যাস আমার নেই। তবে যখন একসঙ্গে বন্ধুরা বসে খেলা দেখি, খুব মজা করি।
আমাদের গ্রুপটা একটু কঠিনই। এখানে সব দলই ভালো। তবে গ্রুপের বাকি চারটি দলের মধ্যে তিনটির সঙ্গেই আমরা এর আগে খেলেছি। ভারতের সঙ্গে তো অনেক ম্যাচ খেলেছি। খেলেছি শ্রীলঙ্কার সঙ্গেও। ওয়েস্ট ইন্ডিজও মোটামুটি আমাদের চেনা। শুধু ইংল্যান্ডের সঙ্গে কখনো খেলিনি। তবে এসব নিয়ে মোটেও ভাবছি না। আমরা নিজেদের খেলা নিয়েই ভাবছি। আশা করি, সবাই ভালো করব। গত তিন মাস কঠোর অনুশীলন করেছি। যদিও আমাদের ব্যাটিং নিয়ে একটু সমস্যা আছে। ব্যাটিংয়ে সবাইকে আরেকটু উন্নতি করতে হবে। ইদানীং আমিও রান পাচ্ছি না। তবে বোলিং ভালোই হচ্ছে। আমার ব্যাটে রান দরকার। রান পেলেই আত্মবিশ্বাস বাড়বে। এই আত্মবিশ্বাসের জোরেই বিশ্বকাপে ভালো করব ইনশাআল্লাহ। আমাদের প্রথম লক্ষ্যই থাকবে প্রথম রাউন্ড পার হওয়া। তবে প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাই।
আমার ভাগ্নে সামি ক্রিকেটের দারুণ ভক্ত। এই বিশ্বকাপ নিয়ে সামির সে কী উন্মাদনা! এমনিতেই পরিবারের সবাই অনেক সমর্থন করে। মা, মামা-মামিসহ অন্য আত্মীয়স্বজনও খুব উৎসাহ দেন। উৎসাহ দেন পাড়া-প্রতিবেশীরাও। এই তো সেদিন খুলনায় গিয়েছিলাম। বাড়িতে ছিলাম মাত্র এক সপ্তাহ। আমি এসেছি শুনে সবাই দেখতে এল। এসেই প্রথম কথা, এবারের বিশ্বকাপে তোদের ভালো খেলতে হবে।
গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখবে, এটা আমার মায়ের অনেক দিনের ইচ্ছা। বাবা বেঁচে থাকলে আজ খুব খুশি হতেন। বাবা যখন মারা যান তখন আমি অনেক ছোট। আমাকে নিয়ে নাকি অনেক স্বপ্ন দেখতেন, মায়ের মুখে সে কথা বহুবার শুনেছি। আমি যখন ছোটবেলায় খেলতাম, তিনি হয়তো ভাবেনওনি বাংলাদেশের মেয়েরা একদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলবে। তাঁর মেয়ে শুধু খেলছেই না, দলের অধিনায়কও। বাবা নিশ্চয়ই খুশি হতেন আমাকে দেখে। আমি যখন ভালো খেলি, বাবার জন্য মন কেঁদে ওঠে।
একটা বিষয় ভাবলে খুব ভালো লাগে যে আমাদের মেয়েরা এগিয়ে যাচ্ছে। আসলে আমরা যারা খেলছি, অনেকটাই এগিয়ে দিয়ে যাচ্ছি। আমাদের পরের প্রজন্ম অনেক কিছু পাবে। যখন আকরাম খানরা খেলতেন, তখন ছেলেরাই বলতে গেলে কিছু পায়নি। এখন কিন্তু অনেক কিছু পাচ্ছে।
সমর্থকদের বলব, আমাদের খেলা দেখতে আসেন। তাহলে আরও বেশি অনুপ্রেরণা পাব। আমি জানি, বাংলাদেশে মহিলা ক্রিকেটেও অনেক সমর্থক। হেরে গেলেও কেউ যেন আমাদের ওপর আস্থা হারিয়ে না ফেলেন।
এই বিশ্বকাপ নিয়ে আমি খুব আশাবাদী। একটা বিষয় লক্ষ করেছি, আমাদের সবার মধ্যে অন্য রকম জেদ কাজ করছে। কারণ, নিজের দেশে বিশ্বকাপে খেলছি। কিছু একটা করতেই হবে। তা করে দেখাতেও চাই। অঘটনও ঘটিয়ে দিতে পারি!