অঘটনে শুরু অস্ট্রেলিয়ান ওপেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনাস উইলিয়ামস
ভেনাস উইলিয়ামস

অস্ট্রেলিয়ান ওপেন জয়ের আলোচনায় সেভাবে ছিলেন না ভেনাস উইলিয়ামস। বোন সেরেনাই কেড়ে নিয়েছেন সব আলো। কিন্তু তার পরও সাতবারের গ্র্যান্ড স্লামজয়ী ভেনাস যে প্রথম রাউন্ডেই হেরে যাবেন, সেটাও কী কেউ কল্পনা করেছিল? অঘটন ছাড়া একে আর কি-ই বা বলা যায়। রাশিয়ান তারকা একাটেরিনা মাকারোভার কাছে ২-৬, ৬-৪, ৬-৪ গেমে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ৩৩ বছর বয়সী ভেনাস।
ইনজুরি আর অসুস্থতার ফাঁড়া কাটিয়ে ২০১৪ সালের শুরুটা ভালোভাবেই করেছিলেন ভেনাস। শিরোপা জয়ের স্বাদ না পেলেও বছরের প্রথম প্রতিযোগিতা অকল্যান্ড ক্লাসিকের ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন মার্কিন এই টেনিস তারকা। অনেকেই আশা করেছিলেন যে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে আবার সেই পুরোনো রূপেই দেখা যাবে তাঁকে। কিন্তু শুরু হতে না হতেই শেষ হয়ে গেল ভেনাসের গ্র্যান্ড স্লাম স্বপ্ন।
মাকারোভার বিপক্ষে শুরুটা অবশ্য ভালোভাবেই করেছিলেন ভেনাস। প্রথম সেটটা জিতেছিলেন ২-৬ গেমে। কিন্তু এরপর বেশ কিছু ভুলের মাশুল দিয়ে হার স্বীকার করতে হয়েছে টেনিসের সাবেক এই শীর্ষ তারকাকে। পরবর্তী দুটি সেটই মাকারোভা জিতেছেন ৬-৪ গেমে।
২০১২ সালের অস্ট্রেলিয়ান ওপেনেও উইলিয়াম বোনদের ঘাতক হিসেবে দেখা গিয়েছিল মাকারোভাকে। সেবার চতুর্থ রাউন্ডে রাশিয়ার এই তারকার কাছে হেরে গিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। রয়টার্স