অঘটনের আশায় বাংলাদেশের মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মহিলা ফুটবল দলের নতুন কোচ সৈয়দ গোলাম জিলানী। প্রথমবারের মতো মেয়েদের দায়িত্ব নিয়েই এশিয়া কাপের বাছাইপর্বে অঘটনের স্বপ্ন দেখছেন। দায়িত্ব নেওয়ার আগে মহিলা লিগটা বেশ মনোযোগ দিয়ে দেখেছেন তিনি। দুর্বলতাগুলো কোথায়, সেটা সারানোরও চেষ্টা করেছেন এত দিনে, ‘আমি দেখেছি, মেয়েদের দমের ঘাটতি আছে, শারীরিক সক্ষমতাও অনেক কম। আমি তাই শুরু থেকেই ফিটনেসের ওপর জোর দিয়েছি। এক মাসের অনুশীলনে আশা করি ওই ঘাটতি পূরণ হয়েছে।’

২১ মে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু এশিয়া কাপের বাছাইপর্বের ‘বি’ গ্রুপের খেলা। কঠিন এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মহিলা এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন থাইল্যান্ড এবং ফিলিপাইন ও ইরান। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে সব প্রতিপক্ষই। থাইল্যান্ড ২৯তম, ইরান ৫২তম ও ফিলিপাইন ৮৩তম। আর বাংলাদেশের অবস্থান ১০৮-এ। প্রথমবারের মতো বাংলাদেশ খেলবে এমন বড় আসরে। তবু অসম প্রতিযোগিতায় ভালোই লড়াই করার লক্ষ্য সবার। কিন্তু বাস্তবতা অস্বীকার করতে পারেন না কোচ, ‘র‌্যাঙ্কিংটাই আসলে খেলায় তারতম্য গড়ে দেবে। তার পরও যেহেতু ঘরের মাঠে খেলা হবে, মেয়েদের মানসিকভাবে অবশ্যই এটা এগিয়েই রাখবে। ওরা যদি শতভাগ উজাড় করে খেলতে পারে, তাহলে যেকোনো অঘটন ঘটিয়ে দিতে পারি।’

ঘরোয়া ফুটবলে মুড়িমুড়কির মতো গোল করেন স্ট্রাইকার সাবিনা খাতুন। গত মহিলা লিগে তাঁর সঙ্গে পাল্লা দিয়ে গোল করেছেন অম্রা চিং মারমাও। দুজন মিলে করেছেন ৫৭ গোল! লিগে ২৮ গোল করা সাবিনাকে সাহস জোগাচ্ছে তাঁদের দুজনের বোঝাপড়া, ‘আমাদের দুজনের মধ্যে বোঝাপড়াটা ভালো। আশা করি, আমরা এশিয়া কাপেও অনেক গোল পাব।’

সূচি

২১ মে থাইল্যান্ড

২৩ মে ইরান

২৫ মে ফিলিপাইন