অঘটনের এক দিন
অলিম্পিকে সোনা জিতবেন—এমন প্রত্যাশা নিয়েই লন্ডনে এসেছিলেন তাঁরা। কিন্তু সোনা দূরে থাক, বিস্ময়করভাবে হেরে বিদায় নিচ্ছেন অনেকে। পরশুর সেই সব অঘটনই তুলে ধরা হলোসাঁতার: অঘটনের শিকার যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। পরশু পুরুষদের ৪–১০০ মিটার ফ্রি-স্টাইলে ফরাসি ইয়ানিক অ্যাঙ্গেল পেছনে ফেললেন যুক্তরাষ্ট্রের রায়ান লোকিটকে। ৩ মিনিট ৯.৯৩ সেকেন্ড সময় নিয়ে প্রথমবারের মতো সোনা জিতল ফ্রান্স। যুক্তরাষ্ট্র জিতল রুপা। সাঁতারে যেন ফরাসি উৎসবেরই রাত ছিল পরশু, ৪০০ মিটার ফ্রি-স্টাইলে রেকর্ড গড়ে সোনা জিতেছেন ফরাসি তরুণী কামিল মুফাত। ৪:০১.৪৫ সেকেন্ড সময় নিয়েছেন। ফেবারিট অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে পুরুষদের ৪–১০০ মিটার ফ্রি-স্টাইলে ব্রোঞ্জ জিতেছে রাশিয়া। অথচ এই অস্ট্রেলিয়া দলে রয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন ‘মিসাইল’ মাগনুসেন আর ‘রকেট’ রবার্টস! হট ফেবারিটরা এভাবে মুখ থুবড়ে পড়েছে বলে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম দিনটিকে বলছে ‘কালো দিন’। বিশ্ব রেকর্ড হয়েছে মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে, ৫৫.৯৮ সেকেন্ড সময় করে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের ডানা ভলমার।ভারোত্তোলন: ভারোত্তোলনে ৫৬ কেজি ওজন শ্রেণীতে অঘটনের নায়িকা উত্তর কোরিয়ার ওম ইয়ুন চোল। ক্লিন অ্যান্ড জার্কে ১৬৮ কেজি তুলে বিশ্ব রেকর্ড গড়ে হারালেন বিশ্ব চ্যাম্পিয়ন চীনের উ জিংবিয়াওকে।জিমন্যাস্টিকস: সর্বশেষ বেইজিং অলিম্পিকে চ্যাম্পিয়ন চীন। কিন্তু মেয়েদের দলগত অল অ্যারাউন্ড ফাইনালের বাছাইয়ে তাদের টপকে শীর্ষে উঠে এল যুক্তরাষ্ট্র। অঘটনের দিনেও যুক্তরাষ্ট্রের ফেবারিট তারকা জরডিন ওয়েবার ব্যর্থ। গত বছরে টোকিওতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতা এই জিমন্যাস্ট এবার নিজের পারফরম্যান্সে খুবই হতাশ। ভল্ট, আনইভেন বার, বিম ও ফ্লোর—সব কটিতেই নিজেকে হারিয়ে খুঁজেছেন! রয়েছেন দলীয় স্কোরে সবার নিচে। বাছাইয়ে দ্বিতীয় রাশিয়া, তৃতীয় হয়েছে চীন।জুডো: প্রথম রাউন্ডেই শীর্ষ বাছাই সব জুডোকা বাদ! মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণীতে সবাইকে অবাক করে দিয়ে সোনা জিতলেন উত্তর কোরিয়ার আন কুম ই। ৩২ বছর বয়সী জুডোকা বিশ্ব র্যাঙ্কিংয়ে এখন ২৫তম। গত বেইজিং অলিম্পিকে অবশ্য রুপা জিতেছিলেন আন কুম। ওয়াটার পোলো: গ্রুপ ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হার! ওয়াটার পোলোতে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে হাঙ্গেরিকে পরশু ১৪-১০ পয়েন্টে হারাল সার্বিয়া। তাহলে টানা চারবার অলিম্পিক সোনা জিততে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে হাঙ্গেরির সামনে! টেনিস: অঘটন মেয়েদের টেনিসেও। প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন দ্বিতীয় বাছাই পোলান্ডের আগনিয়েস্কা রাদওয়ানস্কা। র্যাঙ্কিংয়ের ২৪তম জুলিয়া জর্জেসের কাছে হেরেছেন ৭-৫, ৬-৭, ৬-৪ গেমে।