জার্মানি হলেই হার মানি! এ যেন রিয়াল মাদ্রিদের ললাটলিখন হয়ে দাঁড়িয়েছে। গত এক যুগে জার্মানিতে জার্মান কোনো দলের সঙ্গে রিয়ালের জেতা হয়নি। সর্বশেষ ২৪ ম্যাচের মাত্র একটিতে জয়। ১৭টিতেই হার। যে ধাঁধার সমাধান ভিসেন্তে দেল বস্ক, ফ্যাবিও ক্যাপেলো, বার্নড সুস্টাররা করতে পারেননি; পারলেন না স্পেশাল ওয়ানও। গতবার বায়ার্ন মিউনিখের কাছে হারের পর এবার হারলেন বরুসিয়া ডর্টমুন্ডের কাছে। অবশ্য গতবারের পরাজয় রিয়াল মাদ্রিদকে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে দিয়েছিল। কিন্তু এই পরাজয় অতটা গুরুতর কিছু নয়। যদিও গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটা ডর্টমুন্ডের কাছে হারাল হোসে মরিনহোর দল।ম্যাচ শেষে যদিও মরিনহোর দাবি, দুই দলই ভালো খেলেনি। কিন্তু এটাও অস্বীকার করতে পারেননি, প্রাপ্য জয়টাই পেয়েছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা। গত মৌসুমের রিয়ালকে এই মৌসুমে মেলানোই যাচ্ছে না। যে ক্ষুধার কথা মরিনহো বারবার বলছেন, সেই সর্বগ্রাসী ক্ষুধাটা যেন হারিয়ে গেছে। নিজেদের ছায়া হয়ে থাকা রিয়ালের চেয়ে পরশু বেশি সুযোগ তৈরি করেছে ডর্টমুন্ডই। প্রথমে এগিয়ে গিয়েছিল তারাই। যদিও ৩৬ মিনিটে খেয়ে বসা গোলটা দুই মিনিটের মধ্যেই শোধ করে দিয়েছে রিয়াল, ক্রিস্টিয়ানো রোনালদোর সৌজন্যে। কিন্তু ৬৪ মিনিটে ‘অচেনা’ জার্মান ডিফেন্ডার মার্সেল শ্মেলজার নিজেকে চেনানো জয়সূচক গোল করে রিয়ালকে উপহার দিয়েছেন হতাশা। পরশু আসলে হতাশার রাত ছিল সব নামকরা দলের জন্যই। নিজেদের মাঠে শালকের কাছে হেরে গেছে আর্সেনাল। গত কয়েক বছরে শক্তি যতই কমুক, নিজেদের দুর্গে গানাররা ঠিকই তোপ দাগাত। পরিসংখ্যানই বলছে, গত নয় বছরে অ-ইংলিশ কোনো দলের কাছে ইউরোপীয় পর্যায়ে এর আগে হারেনি আর্সেন ওয়েঙ্গারের দল। সেই দুর্গে আঘাত হানল জার্মানির আরেক দল শালকে। যদিও মনে হচ্ছিল, আর্সেনাল নিদেনপক্ষে গোলশূন্য ড্র করবে। কিন্তু দুই বিলম্বিত গোল জেতাল শালকেকে। ৭৬ মিনিটে ক্লাস-ইয়ান হান্টেলার ও ৮৬ মিনিটে বার্সা থেকে ধারে খেলতে আসা ইব্রাহিম আফেলায়ের গোলে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে শালকে (৭ পয়েন্ট)। অবশ্য দুইয়ে থাকলেও আর্সেনালের স্বস্তি, তাদের ঝুলিতেও আছে ৬ পয়েন্ট।আর্সেনালের জন্য বিপদ না থাকলেও টানা দ্বিতীয় মৌসুমে গ্রুপ পর্ব থেকে বাড়ির রাস্তা মাপার ঝুঁকিতে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আয়াক্সের মাঠে ৩-১ গোলে হেরে খাদের কিনারে রবার্তো মানচিনির দল। ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ অব ডেথের জ্বালা বুঝছে। অথচ ম্যাচের ২২ মিনিটে সামির নাসরির গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল সিটিই। সেই তাদের জালেই পরে ৩ গোল। প্রথমার্ধের শেষ প্রান্তে সমতা ফেরান সিয়েম ডি ইয়ং। বাকি ২ গোল এসেছে নিকলাস মইজান্ডার (৫৭ মিনিট) ও ক্রিস্টিয়ান এরিকসেনের (৬৮) সৌজন্যে।বিপদে আছে এসি মিলানও। দুঃসময়ে ঘূর্ণাবর্তে থাকা সাতবারের ইউরোপ চ্যাম্পিয়নরা হেরেছে মালাগার কাছে। প্রথমার্ধে পেনাল্টি মিসের ভুল ৬৪ মিনিটে গোল করেই শুধরেছেন হোয়াকুইন সানচেজ। এই মৌসুমে ১১ ম্যাচের মাত্র তিনটিতে জয়ের স্বাদ পেয়েছে মিলান, হেরেছে ছয়টিতে! চাকরি নিয়ে সংশয়ের মধ্যে থাকা ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দলের দ্বিতীয় রাউন্ডও ঝুঁকির মুখে। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকলেও মাত্র ৪ পয়েন্ট তাদের। ৩ পয়েন্ট নিয়ে তিনে থাকা জেনিত স্বস্তিতে থাকতে দিচ্ছে না মোটেও। এএফপি, রয়টার্স। এক নজরে পোর্তো ৩ : ২ ডায়নামো কিয়েভ ডায়নামো জাগরেব ০ : ২ পিএসজি আর্সেনাল ০ : ২ শালকে মঁপেলিয়ে ১ : ২ অলিম্পিয়াকোস আয়াক্স ৩ : ১ ম্যানচেস্টার সিটি বরুসিয়া ডর্টমুন্ড ২ : ১ রিয়াল মাদ্রিদ জেনিত ১ : ০ আন্ডারলেখট মালাগা ১ : ০ এসি মিলান