অঘটনের শিকার জার্মানি-হল্যান্ড
ইউরো কাপ শুরুর একেবারে আগমুহূর্তে এসে হোঁচট খেয়েছে জার্মানি ও গত বিশ্বকাপের ফাইনালিস্ট হল্যান্ড। নিজেদের মাঠে হল্যান্ড বুলগেরিয়ার কাছে হেরেছে ২-১ গোলে। অন্যদিকে চরম উত্তেজনাপূর্ণ খেলায় জার্মানিকে ৫-৩ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। হ্যাটট্রিক করেছেন তরুণ সুইস স্ট্রাইকার ইরেন ডেরডিয়োক।কয়েক দিন আগেই ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে হেরে শিরোপা জয়ের স্বাদ পায়নি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। এই ম্যাচটা ইউরো চ্যাম্পিয়নশিপে ও জার্মান শিবিরে অনেক প্রভাব ফেলতে পারে বলে আগেই সতর্ক করে দিয়েছিলেন কোচ জোয়াকিম লো। আর গতকাল সুইজারল্যান্ডের বিপক্ষে ৫-৩ গোলের হারকে এখন সত্যিই ইউরোর আগে একটা হোঁচট হিসেবে দেখতে পারে জার্মান শিবির। প্রথমার্ধের ২১ ও ২৩ মিনিটে দুটি গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন ইরেন ডেরডিয়োক। প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে একটি গোল শোধ করেন জার্মান মিডফিল্ডার জুলিয়ান হ্যামেলস। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে নিজের তৃতীয় গোলটি করে আবার ব্যবধান বাড়িয়ে দেন ডেরডিয়োক। ৬৭ মিনিটে আবারও জার্মানির জালে বল জড়িয়ে দেন সুইজারল্যান্ডের ডিফেন্ডার স্টিফেন লিচস্টেইনার। ৬৪ ও ৭২ মিনিটে জার্মানির পক্ষে আরও দুটি গোল করেন আন্দ্রে স্কারলে ও মার্কো রেউস। ৭৭ মিনিটে জার্মানির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আডমির মেহমেদি। গতকাল আরেক ম্যাচে নিজেদের মাঠে বুলগেরিয়ার কাছে ২-১ গোলে হারের স্বাদ পেয়েছে গত বিশ্বকাপের রানার্স আপ হল্যান্ড। প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করে হল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন তারকা স্ট্রাইকার রবিন ভন পার্সি। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান বুলগেরিয়ার মিডফিল্ডার ইভেলিন পোপোভ। আর শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে জয়সূচক গোলটি করেন লিজান মিকানস্কি।