অঘটনের শিকার নাদাল

গত মাসেই আলেক্সান্ডার ডলগোপোলভকে হারিয়ে রিও ওপেনের শিরোপা জিতেছিলেন রাফায়েল নাদাল। এর আগের পাঁচটি মুখোমুখি লড়াইয়ে একবারও হারের মুখ দেখতে হয়নি স্প্যানিশ তারকাকে। কিন্তু ইন্ডিয়ান ওয়েলসে সেই ডলগোপোলভের কাছে ৬-৩, ৩-৬, ৭-৬ (৭/৫) গেমে হেরে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলো নাদালকে। ২০০৬ সালের পর এবারই প্রথমবারের মতো ইন্ডিয়ান ওয়েলসের সেমিফাইনালে পৌঁছাতে পারলেন না টেনিসের এই শীর্ষ তারকা।
সাম্প্রতিক সময়ে বেশ ভালো ফর্মেই আছেন ইউক্রেনের ডলগোপোলভ। রিও ওপেনের ফাইনালে ওঠার পথে তিনি হারিয়েছিলেন আরেক স্প্যানিশ তারকা ডেভিড ফেরারকে। কিন্তু নাদালের বিপক্ষে এই জয়টা যে সত্যিই বিশেষ কিছু, সেটা ম্যাচ শেষে স্বীকারই করে নিয়েছেন টেনিস র্যাঙ্কিংয়ের ৩১তম খেলোয়াড়। তিনি বলেছেন, ‘আমার খুবই ভালো লাগছে। অবশ্যই প্রতিটি ম্যাচ জেতার পরই এ রকম অনুভূতি হয়। কিন্তু এই জয়টা ছিল অনেক বড় কিছু। আমি হারিয়েছি গতবারের শিরোপাজয়ী ও টেনিসের শীর্ষ তারকাকে।’ তবে এখন শুধু এই জয়ের উচ্ছ্বাসেই মেতে না থেকে বাকি ম্যাচগুলোর দিকেই নজর দিতে চাচ্ছেন ডলগোপোলভ, ‘আমি শুধু আজকেই এই জয়ের আনন্দটা উপভোগ করব। কাল থেকে সবকিছু ভুলে গিয়ে বাকি ম্যাচগুলো জেতার চেষ্টা করব। আমি এখনো টিকে আছি।’
নাদাল অঘটনের শিকার হলেও ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা জয়ের লড়াইয়ে টিকে আছেন অ্যান্ডি মারে, রজার ফেদেরার ও নোভাক জকোভিচ।— রয়টার্স