অঘটনের শিকার নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অঘটনের দেখা মিলল উইম্বলডনের পুরুষ এককেও। গত পরশু একই দিনে অঘটনের শিকার হয়েছিলেন সামান্থা স্টোসুর, লি না, ক্যারোলিন ওজনিয়াকি। গতকাল একইভাবে প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়লেন এটিপি বিশ্ব টেনিসে পুরুষদের র্যাঙ্কিংয়ে ২ নম্বরে থাকা খেলোয়াড় রাফায়েল নাদাল।নাদালের এই বিদায় অবশ্য শুধু ‘অঘটন’ নয়, শব্দটির আগে দুই একটা বিশেষণ যোগ করলেও বোধহয় বাড়াবাড়ি হবে না। ১১টি গ্র্যান্ডস্ল্যাম-জয়ী এই খেলোয়াড় ৬-৭ (৯/১১), ৬-৪, ৬-৪, ২-৬, ৬-৪ গেমে হেরেছেন অখ্যাত লুকাস রোসলের কাছে!বিশ্ব টেনিসে রোসলের অবস্থান ১০০তম। বলা হচ্ছে, উইম্বলডনের ইতিহাসে অন্যতম সেরা অঘটন এটি। আর নাদালের ক্ষেত্রে? গ্র্যান্ডস্ল্যাম লড়াইয়ে গত সাত বছরের মধ্যে তাঁর জঘন্যতম হার এটি। উইম্বলডনের গত পাঁচ আসরে প্রথম রাউন্ড থেকে বিদায় নেন চেক প্রজাতন্ত্রের রোসল। সেই রোসলই এবার ২০০৮ ও ২০১০ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন নাদালকে বিদায় করে উঠে গেলেন দ্বিতীয় রাউন্ডে।দ্য গার্ডিয়ান এর খবরে বলা হয়েছে, নাদালের বিপক্ষে এ জয় রোসলের নিজের কাছেও ঠিক বিশ্বাস হচ্ছে না। ম্যাচ শেষে অকপটে এই চেক খেলোয়াড় বলেন, ‘আমি শুধু বিস্মিতই হইনি, এটা আমার কাছে অলৌকিক ব্যাপার মনে হচ্ছে। নাদাল সুপারস্টার। তাঁর জন্য দুঃখ হচ্ছে আমার। তবে অবিশ্বাস্য রকম ভালো খেলেছি আমি।’রোসল বলেন, ‘ম্যাচের আগে আমি শুধু তিনটি সেট ভালো করার কথা ভেবেছিলাম। এটাই আমার ক্যারিয়ারের সেরা ম্যাচ। এ জয় আমার কাছে অনেক বড় পাওয়া। কখনোই আমার সামনে এমনটা ঘটেনি। আগামী সপ্তাহে জার্মানিতে খেলার কথা রয়েছে। এর আগে এখানে যতক্ষণ সম্ভব খেলার চেষ্টা করব আমি।’অঘটনের শিকার হওয়ার পর কোনো অজুহাত দেখাননি নাদাল। পুরো কৃতিত্বই প্রতিপক্ষ লুকাস রোসলকে দেন স্প্যানিশ এই তারকা, ‘পঞ্চম সেটে রোসল অবিশ্বাস্য রকম ভালো খেলেছে। প্রথম তিন সেট আমি ভালো খেলিনি। এর বেশি কিছু নয়।’নাদাল বলেন, ‘কীভাবে এটা ঘটল, এটা বলার মতো সময় এখন নয়। কোনো অজুহাত নয়। এমন একটা ম্যাচের কোনো অজুহাত দেখাতে চাই না আমি।’