অঘটনের শিকার ফেদেরার
প্যারিস মাস্টার্সের আগের আসরগুলোতে কোয়ার্টার ফাইনালের বাধাই পেরোতে পারেননি রজার ফেদেরার। এবার জার্মানির ইয়ুর্গেন মেলজারকে হারিয়ে সেমিফাইনালে উঠে স্বপ্ন দেখছিলেন প্রথমবারের মতো প্যারিস মাস্টার্স শিরোপা জয়ের। কিন্তু আরও একবার সেই স্বপ্নের অপমৃত্যু ঘটল এই সুইস তারকার। সেমিফাইনালে ফেদেরারকে ৭-৬, ৬-৭, ৭-৬ গেমে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছেন ফ্রান্সের গায়েল মনফিলস।ফেদেরারের সঙ্গে এর আগে কোনো ম্যাচেই জয়ের দেখা পাননি মনফিলস। কিন্তু এই সেমিফাইনালে প্রথম থেকেই ফেদেরারকে চাপের মুখে রাখেন তিনি। প্রথম সেটের টাইব্রেকারটি তিনি জেতেন ৯-৭ গেমে। দ্বিতীয় সেটেও জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন এই ফরাসি তারকা। কিন্তু এবার টাইব্রেকারে ৭-১ গেমের জয় পান ফেদেরার। ফল নির্ধারণী তৃতীয় সেটে প্রথমে ৩-০ গেমে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ৭-৬ গেমের পরাজয় মেনে নিয়েই কোর্ট ছাড়তে হয় সাবেক এক নম্বর এই তারকাকে।ক্যারিয়ারে ৬৫টি শিরোপার মালিক ফেদেরারকে প্যারিস মাস্টার্স জয়ের জন্য অপেক্ষায় থাকতে হবে আরও একটি বছর। ম্যাচ শেষে হতাশা লুকাতে পারেননি তিনি। বলেছেন, ‘আমি মনে করি না যে মনফিলস খুব ভালো খেলেছে বা আমি খুব খারাপ খেলেছি। এই ম্যাচের আগ পর্যন্ত টুর্নামেন্টটা খুব ভালোই কাটছিল। অবশ্যই এটা খুব দুঃখজনক। ব্রেকপয়েন্টগুলোতে আমার আরও ভালো খেলা উচিত ছিল।’অপর সেমিফাইনালে ফ্রান্সের মাইকেল লোডরাকে ৬-৭, ৭-৫, ৭-৬ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন সুইডেনের রবিন সোডার্লিং। রয়টার্স।