অঘটনের শিকার রবিন সোদারলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু এবারের আসরেই নয়, উইম্বলডনের ইতিহাসেই সম্ভবত সবচেয়ে বড় অঘটনটা ঘটে গেছে কাল। তৃতীয় রাউন্ডের ম্যাচে পঞ্চম বাছাই রবিন সোদারলিং হেরে গেছেন ১৮ বছর বয়সী অস্ট্রেলিয়ান তরুণ বার্নার্ড টমিকের কাছে। আর মজার ব্যাপার হলো সোদারলিংকে হারাতে খুব বেশি বেগও পেতে হয়নি টমিকের। সুইডিশ এই টেনিস তারকার বিপক্ষে ৬-১, ৬-৪, ৭-৫ গেমের মোটামুটি সহজ জয় পেয়ে কোর্ট ছেড়েছেন তিনি।কাল মাত্র ১৭ মিনিটেই প্রথম সেটটি জিতে নিয়েছিলেন টমিক। আর এর মাধ্যমে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে প্রথম সেটটি জেতার নতুন এক রেকর্ডও গড়ে ফেলেছেন টেনিস র্যাঙ্কিংয়ের ১৫৮ নম্বরে থাকা এই তরুণ। বাকি দুটি সেট এত সহজে না জিততে পারলেও খুব বেশি ঘাম ঝরাতে হয়নি টমিককে। ম্যাচটি শেষ করে দিয়েছেন দুই ঘণ্টার মধ্যেই। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমি সত্যিই খুব খুশি। এটাই এখন পর্যন্ত আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন। এবারই প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডস্লামে আমি আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পেরেছি।’অন্যদিকে একেবারেই অপ্রত্যাশিত এই হারটা মেনে নেওয়া খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল সোদারলিংয়ের জন্য। তবে শারীরিকভাবে খুব একটা ভালো বোধ করছিলেন না বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, ‘আমার খুবই দুর্বল লাগছিল। গতকাল থেকে আমি পুরো উদ্যমে খেলতে পারছিলাম না। আর দিনটাও আসলে আমার জন্য ভালো ছিল না।’এখন শেষ ষোলোর লড়াইয়ে বেলজিয়ামের তারকা হাভিয়ের মালিসের মুখোমুখি হবেন টমিক। রয়টার্স।