অঘটনের স্বপ্ন উত্তর কোরীয় কোচের
উত্তর কোরিয়া ৪৪ বছর পর আবার বিশ্বকাপের মঞ্চে। ১৯৬৬ সালের বিশ্বকাপে কোরীয়দের সেই স্বপ্নযাত্রা আজও ইতিহাস হয়ে রয়েছে। সেবার বিশ্বের অনেক বাঘা বাঘা দলকে ধরাশায়ী করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিল ‘রেড মসকিউটো’রা। রেড মসকিউটো নামটি কি একটু অচেনা ঠেকছে? ১৯৬৬ সালের বিশ্বকাপে উত্তর কোরিয়ার খেলায় মুগ্ধ বিশ্ববাসী তাদের এই নামেই অভিহিত করেছিল।আজ ৪৪ বছর পরের পরিস্থিতি অনেকটাই আলাদা। নানা রাজনৈতিক কারণে বাকি বিশ্ব থেকে নিজেদের আলাদা করে রাখা উত্তর কোরিয়ার ফুটবল ঐতিহ্য অনেকটাই নিবু নিবু। তবুও এবারের বিশ্বকাপে এশিয়ার প্রতিনিধি হিসেবে তাদের আগমন বেশ অবাক করার মতোই একটি ব্যাপার। আজ জোহানেসবার্গে দলটি যখন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলতে নামবে, তা হবে উত্তর কোরীয় ফুটবলের পুর্নর্জাগরণের এক সুন্দর বিজ্ঞাপনই।বিশ্বকাপে উত্তর কোরিয়া কী করবে, তা নিয়ে আলোচনা করার আগে তাদের গ্রুপ সঙ্গীদের নামগুলোও জেনে রাখুন। তাদের সঙ্গে গ্রুপে ব্রাজিল তো আছেই। সেই সঙ্গে আছে আইভরিকোস্ট ও পর্তুগাল। অনেক ফুটবল বোদ্ধাই এই গ্রুপকে ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে আখ্যায়িত করেছে। শক্তিশালী এই গ্রুপে অবস্থান নিয়ে উত্তর কোরিয়া দলের মনোবল চাঙ্গা রাখা ছাড়া আর কিই-বা করার আছে?তবে উত্তর কোরিয়া দলের সবচেয়ে বড় শক্তি হতে পারে দেশটির ফুটবল সম্পর্কে বাকি বিশ্বের অস্পষ্ট ধারণা। ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গাও তেমনটিই বলেছেন। তিনি বলেছেন, ‘আসলে আমরা কেউই উত্তর কোরিয়ার ফুটবল সম্পর্কে তেমন একটা জানি না। এটা একটা অসুবিধা।’উত্তর কোরিয়ার কোচ কিম জং হান অবশ্য সরাসরি অঘটনের স্বপ্নই দেখছেন। তিনি ব্রাজিলকে যথাযথ সম্মান জানিয়েই বলেছেন, ‘ব্রাজিলের মতো দলকে হারাতে পারলে দারুণ হবে। সে লক্ষ্যে সর্বস্ব উজাড় করে খেলতে হবে আমাদের।’ তিনি আরও বলেছেন, ‘পরের পর্বে পৌঁছতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই আমাদের।’ কোরীয় কোচ কিম খেলোয়াড়দের বলে দিয়েছেন প্রতিপক্ষ ব্রাজিলকে নিয়ে একদমই না ভাবতে। নিজেদের খেলাটা খেলে ফেলতে পারলেই ব্রাজিলকে চেপে ধরা কোনো ব্যাপার নয় বলে মনে করেন উত্তর কোরীয় কোচ কিম। স্বপ্ন তিনি দেখতেই পারেন। ফুটবল আমোদীরাও অপেক্ষায় থাকতে পারেন কোনো অঘটনের। তবে প্রশ্ন হচ্ছে, ব্যাপারটি কী একটু বাড়াবাড়ি হয়ে যায় না?