অঘোষিত অধিনায়ক!
২০১১ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল। উরুগুয়ের সঙ্গে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন আর্জেন্টিনা অধিনায়ক হাভিয়ের মাচেরানো। যাওয়ার সময় বাহুবন্ধনী বেঁধে দিলেন লিওনেল মেসির কাঁধে। সেই ম্যাচটা শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরেছিল আর্জেন্টিনা। এর পর থেকে মেসির কাছেই আছে এটা। তবে মাচেরানো এখনো দলে আছেন অনুপ্রেরণাদায়ী হিসেবে। এমনি এমনি তো তাঁকে ‘জেফেসিতো’ বা ‘লিটল বস’ বলা হয় না!
৫ ফুট সাড়ে ৮ ইঞ্চি উচ্চতার মাচেরানো ডিফেন্সিভ মিডফিল্ডার। খেলার ধরনটাই এমন যে, সৌন্দর্যের ফুল ফোটানোর সুযোগ নেই; বরং প্রতিপক্ষের ছন্দ নষ্ট করে দেওয়ার মতো ‘বিরক্তিকর’ কাজটাই করতে হয় নিয়মিত। সেটার জন্য হাততালি হয়তো কম জোটে, তবে নিজের কাজটা চুপিসারে ঠিকঠাক করে যাচ্ছেন। আর্জেন্টিনা যে ১৯৯০ সালের পর প্রথম সেমিতে উঠল, সে জন্য সবাই হয়তো মেসি, হিগুয়েইনদের নাম বলবেন। তবে কৃতিত্ব প্রাপ্য মাচেরানোরও। বেলজিয়ামের সঙ্গে ম্যাচে শুরুতে গোল দিয়েও যে বাকি সময়টা আর্জেন্টিনা গোলহীন থাকল, সেটার পেছনে বার্সেলোনা মিডফিল্ডারের অবদান কম নয়!
মাচেরানো অবশ্য এখানেই থামতে চান না, পেরোতে চান সাফল্যের শেষ সীমাটা, ‘আমরা এমন এক জায়গায় আছি, যেখানে আর্জেন্টিনা অনেক দিন আসতে পারেনি। এই সুযোগ তো আর প্রতিদিন আসবে না, আপনি এগুলো হাত গলে যেতে দিতে পারেন না।’ কিন্তু নিজের কাজটা অক্লেশে ঠিকঠাক করে যাওয়ার রহস্য কী? মাচেরানোর ফুটবল মস্তিষ্ক যে দারুণ পরিণত, সেটার প্রমাণ পাওয়া গেল, ‘আমি বুদ্ধিমত্তা শব্দটা ব্যবহার করতে চাইব। আপনার শুধু হৃদয় দিয়ে খেললে হবে না, ট্যাকটিক্যালিও আপনাকে যথেষ্ট পারঙ্গম হতে হবে।’
তবে মাঝে মাঝে নিজেও মেজাজটা ধরে রাখতে পারেন না। কোপা আমেরিকার সেই লাল কার্ড তো আছেই, গত বছর ইকুয়েডরের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের একটা ম্যাচেও প্রতিপক্ষের মেডিকেল টিমের একজনকে লাথি মেরে বসেছিলেন। পত্রপাঠ লাল কার্ড। এবার এখন পর্যন্ত মাথা গরম করেননি। আজ সে রকম কিছু করা দূরে থাক, নিজের সেরা খেলাটাই খেলতে হবে। আর সেটি করতে পারলে হয়ে যেতে পারেন আর্জেন্টিনার হল্যান্ড-বধের নেপথ্য নায়ক! ইয়াহু স্পোর্টস।