অচেনা ফতুল্লায় 'চেনা' স্বাদের শঙ্কায় টেলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাকে স্যালুট করছেন রস টেলর, বাংলাদেশ দলকে?  প্রথম আলো
কাকে স্যালুট করছেন রস টেলর, বাংলাদেশ দলকে? প্রথম আলো

মাঠে ঢুকেই ড্রেসিংরুমের সামনে সবাই গোল হয়ে দাঁড়িয়ে শুরু করলেন আলোচনা। বক্তা একজনই, ব্রেন্ডন ম্যাককালাম। একসঙ্গে সবার হাততালিতে যেভাবে শেষ হলো আলোচনা, তাতে বোঝা গেল, বক্তৃতাপর্বজুড়ে ছিল উজ্জীবনী মন্ত্র। ধবলধোলাই এড়ানোর কোনো জাদুকরি মন্ত্র অধিনায়কের বক্তৃতায় ছিল কি না, কে জানে!
আজকের লড়াইয়ে অবশ্য ম্যাককালাম নিজেই থাকছেন না। পিঠের সমস্যা নিয়ে দেশে ফিরে গেছেন কাল রাতেই। চোটের কারণে আগেই চলে গিয়েছিলেন সহ-অধিনায়ক কেন উইলিয়ামসনও। আসন্ন শ্রীলঙ্কা সফরের আগে আজ তাই অধিনায়কত্ব ‘অনুশীলনের’ সুযোগ পাচ্ছেন কাইল মিলস। দলের জন্য যদিও ম্যাচটি ‘অনুশীলনী’ নয়! একসময় অবশ্য ছিল। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে প্রথম দুই ম্যাচ শেষে ফল আগেও ২-০-ই থাকত। সেটা নিউজিল্যান্ডের পক্ষে। শেষ ম্যাচ তাদের জন্য হতো তরুণদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ। ২০১০ সালে হঠাৎ করেই শুরু পালাবদলের, এবার সেটি ছুঁয়েছে নতুন উচ্চতা। আজ কিউইরা মাঠে নামছে বাংলাদেশের বিপক্ষে টানা দুবার ধবলধোলাই এড়াতে!
দুই দলের প্রথম লড়াইয়ে নিউজিল্যান্ড জিতেছিল ১৬১ রানে। সেটি অবশ্য সেই ১৯৯০ সালে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হাঁটি হাঁটি পা পা করার সময়। কিন্তু ছবিটা বদলায়নি এর পরও। ১৯৯৯ বিশ্বকাপে ১১৬ রানে গুটিয়ে গিয়ে বাংলাদেশ হারে ৬ উইকেটে। টেস্ট যুগে দুই দলের প্রথম ম্যাচে ২০০২ চ্যাম্পিয়নস ট্রফিতে ৭৭ রানে শেষ হয়ে বাংলাদেশ হেরেছিল ১৬৭ রানে। ২০১০ সাল পর্যন্ত চলেছে এই ধারা। বিশ্ব ক্রিকেটে নিউজিল্যান্ড কখনো শীর্ষ শক্তি না হলেও বাংলাদেশের কাছে ছিল প্রবল পরাক্রমশালী প্রতিপক্ষ। পালাবদলটা হলো হুট করেই, কোনোরকম পূর্বাভাস ছাড়াই। বাংলাদেশ জিতল টানা চার ম্যাচ। যাঁরা সেটিকে ‘ঘটনাচক্রে’ ভাবছিলেন, তাঁদের জন্য জবাব হয়ে এল এই সিরিজ। টানা চার হয়ে গেল টানা ছয়। অপেক্ষা এখন আরেকটি ধবলধোলাইয়ের!
অথচ এবার নিউজিল্যান্ড এসেছিল আটঘাট বেঁধে। বাংলাদেশে পা রাখার পর থেকে ম্যাককালামসহ দলের সবাই গতবারের প্রস্তুতি-ঘাটতির উল্লেখ করে বারবার বলেছেন, এবার তাঁরা কতটা প্রস্তুত। কিন্তু এবার বাংলাদেশ দুই ম্যাচ জিতল আরও সহজে। প্রথম ১৭ ম্যাচে মাত্র একবার হারা নিউজিল্যান্ড এখন বাংলাদেশের বিপক্ষে জয়ের পথ পাচ্ছে না!
কাল বেসবল ছোড়াছুড়ি আর ক্যাচ-ক্যাচ খেলার গা গরমে অবশ্য বেশ ফুরফুরেই মনে হলো কিউইদের। সংবাদ সম্মেলনে টেলরকেও মনে হলো বেশ চনমনে। তবে যে প্রশ্নগুলোর মুখোমুখি হতে হলো তাঁকে, তাতে যেন আরও একবার শোনা গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বৈরথে পালাবদলের ঘোষণা। একসময় বাংলাদেশ অধিনায়ককে যে ধরনের প্রশ্ন শুনতে হতো, কাল টেলরকে তা-ই শুনতে হলো। প্রশ্ন শুনে টেলর নিজেও খানিকটা থমকে গেলেন। খানিকটা ভেবে উত্তরও দিলেন একসময়কার বাংলাদেশ অধিনায়কদের মতো, ‘তরুণদের জন্য ম্যাচটি অভিজ্ঞতা অর্জনের ম্যাচ, অনেক কিছু শিখতে পারে তারা। আর ম্যাচটি জিতলে শ্রীলঙ্কা সফরের আগে কিছুটা আত্মবিশ্বাসও ফিরে আসতে পারে।’
আত্মবিশ্বাস যে এই দলের এখন একেবারে তলানিতে সেটি তো বোঝাই যাচ্ছে। টেলর স্বীকারও করলেন। তার পরও যেন আশার বিপরীতে আশা করছেন ধবলধোলাইটা এড়ানোর, ‘সিরিজ হেরে গেলে, ২-০-তে পিছিয়ে থাকলে আত্মবিশ্বাসে চোট লাগেই। তবে ৩-০ ফলাফলের চেয়ে ২-১ অনেক ভালো দেখায়। যে করেই হোক আমাদের উন্নতি করতে হবে এবং চেষ্টা করতে হবে শেষ ম্যাচটি জিততে।’
এই চেষ্টায় অবশ্য বড় একটি বাধা প্রস্তুত হয়েই আছে। এই দলের কেউই যে কখনো খেলেননি ফতুল্লায়! টেলরও জানালেন, এই প্রথম কোনো মাঠে প্রথম দিন গিয়েই ম্যাচ খেলবেন। ঢাকা প্রিমিয়ার লিগ খেলা জ্যাকব ওরামের কাছ থেকে অবশ্য শুনেছেন, উইকেট খুব মন্থর, নিচু হয়ে আসে বল। দ্বিতীয় ইনিংসে নিচু হয় আরও বেশি। মুখে তাই যতই জয়ের চেষ্টার কথা বলুন, মন্থর উইকেটে আরেকটি ধবলধোলাইয়ের শঙ্কা খেলা করছিল টেলরের চোখে-মুখে!