অচেনা মাঠে চেনা লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ের কোল ঘেঁষে নয়নাভিরাম এক স্টেডিয়াম। পাশ দিয়ে আঁকাবাঁকা রাস্তা উঠে গেছে পাহাড়ের দিকে। মাঠে ঢুকলেই মন জুড়িয়ে যায়। কিন্তু পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামের সৌন্দর্য কি আর টানবে শহীদ আফ্রিদি, ড্যানিয়েল ভেট্টোরিদের? তাঁরা তো আর পর্যটক নন, বিশ্বকাপ দলের অধিনায়ক। সৌন্দর্যের চেয়ে তাঁদের ভাবনায় বেশি থাকার কথা নতুন ভেন্যু, একেবারে অচেনা উইকেট না জানি কী রহস্য নিয়ে হাজির হয়!আফ্রিদির ভাবনাটা জানা যায়নি। তবে তাঁর ডেপুটি মিসবাহ-উল হকের কণ্ঠে সেই দুর্ভাবনারই অনুরণন, ‘কোনো পরিসংখ্যান নেই, বিশেষ করে ফ্লাডলাইটে কী হবে কে জানে। জানি না আমাদের সামনে কী অপেক্ষা করছে।’এখানেই খানিকটা এগিয়ে ভেট্টোরি। এই মাঠে একটা ম্যাচ খেলার অভিজ্ঞতা যে তাঁর দলের আছে! গত ডিসেম্বরে এই মাঠের অভিষেক ও এখন পর্যন্ত একমাত্র টেস্টের দুই দল ছিল শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ, আজ অভিষেক হচ্ছে ১৭৮তম ওয়ানডে ভেন্যু হিসেবে। ভাবছেন, তাহলে নিউজিল্যান্ডের অভিজ্ঞতা হলো কীভাবে? গত আগস্টের শ্রীলঙ্কা সফরে এখনে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল নিউজিল্যান্ড! শ্রীলঙ্কা ‘এ’ দলকে সেই ম্যাচে ১৮৫ রানে উড়িয়েও দিয়েছিল তারা। ভেট্টোরি না খেললেও ওই ম্যাচে ছিলেন টেলর, ওরাম, সাউদি, উইলিয়ামসনরা। কিউইরা তো তাহলে এগিয়েই আছে! ভেট্টোরি হেসেই উড়িয়ে দিলেন। কারণও আছে। কিউই অধিনায়ক তো ভালো করেই জানেন, দুই দলের শক্তি, ফর্ম, সাম্প্রতিক লড়াই আর ইতিহাস সবই পাকিস্তানকে এগিয়ে রাখছে যোজন যোজন! সম্প্রতি নিউজিল্যান্ডে গিয়ে সিরিজ জিতে এসেছে পাকিস্তান। ওয়ানডে সিরিজের ৩-২ ফলাফল বলছে লড়াইটা হয়েছিল হাড্ডাহাড্ডি। কিন্তু ওই সিরিজের পর আরও উন্নতি করেছে পাকিস্তান। ‘এ’ গ্রুপে একমাত্র তারাই জিতেছে সবগুলো ম্যাচ। পাকিস্তান দলে ম্যাচ উইনারও বেশি। তাদের এগিয়ে রাখছে বিশ্বকাপ লড়াইয়ের ইতিহাসও। ১৯৮৩ বিশ্বকাপে দুই দলের প্রথম লড়াইয়েই কেবল জিতেছিল নিউজিল্যান্ড, এরপর টানা ছয়টি জয় পাকিস্তানের। এর মধ্যে আছে ১৯৯২ বিশ্বকাপও। অন্যসব দলের বিপক্ষে অপ্রতিরোধ্য মার্টিন ক্রোর দলকে দুবার হারিয়েছিল ইমরান খানের পাকিস্তান। দুই দলের সর্বশেষ লড়াইটা অবশ্য হয়েছিল ১৯৯৯ বিশ্বকাপে। ওল্ড ট্রাফোর্ডের সেমিফাইনালে ২৪১ রান করেও ৯ উইকেটে হেরেছিল কিউইরা।তবে সম্প্রতি টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টির লম্বা সিরিজ খেলার পর পাকিস্তান দলটিকে তো ভালোই পড়ে ফেলার কথা কিউইদের। ভেট্টোরি দেখিয়ে দিলেন উল্টো দিকটাও, ‘সেটা তো পাকিস্তানের ক্ষেত্রেও সত্যি। ওরাও আমাদের শক্তি-দুর্বলতা সব জানে। আমাদের দেশে গিয়েই আমাদের হারিয়ে এসেছে, এখানে তো আরও ভালো করার কথা। এ মুহূর্তে পাকিস্তান খেলছেও দুর্দান্ত।’সব ভেন্যুতে সব সময়ই আগ্রহের কেন্দ্রে থাকে উইকেট। গত দুই দিন এই মাঠে অনুশীলন করেছে দুই দলই। উইকেটে সামান্য ঘাস আছে, মিসবাহ-ভেট্টোরি দুজনের কাছেই উইকেটকে মনে হয় শক্ত আর কিছুটা বাউন্সি। কাল সন্ধ্যা পর্যন্তও ওই ঘাসটুকু দেখা গেছে উইকেটে। সেদিক থেকে খানিকটা দেশের মতোই উইকেট পাবে নিউজিল্যান্ড। কিন্তু তাতে স্বস্তি আর কতটা পাওয়া যাচ্ছে? দেশের মাটিতেই তো তারা সম্প্রতি হেরে গেছে পাকিস্তানের কাছে।তবে এটাও ঠিক, পাকিস্তানকে হারানোর সবচেয়ে সম্ভাব্য উপায়ও এটাই। ক্রিকেট-বিশ্বের জানা খবর, উইকেটে সুইং আর বাউন্স থাকলে পাকিস্তানিদের টেকনিকে দুর্বলতা প্রকাশ পেয়ে যায়। তার ওপর আবার রান-খরায় ভুগছেন দুই ওপেনার আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজ। টিম ম্যানেজমেন্ট অবশ্য এখনো আস্থা হারায়নি তাদের ওপর, আজও তাই খেলছেন দুজন। নিউজিল্যান্ডে গিয়ে সেঞ্চুরি করে এসেছেন দুজনই, চেনা প্রতিপক্ষকে পেয়ে যদি ফর্মে ফেরেন—এই প্রত্যাশা। আর ভেট্টোরির কথা, যে করেই হোক ওদের হারানোর একটা পথ আমাদের বের করতে হবে।মাঝেমধ্যে অবশ্য পাকিস্তানকে হারানোর পথ বের করতে হয় না, ওরা নিজেরাই ওই পথের পথিক হয়ে যায়!