টেস্ট ক্রিকেটে হারতে কেমন লাগে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সেই স্বাদটা টের পেলেন এই প্রথম। এই দক্ষিণ আফ্রিকারই গত ভারত সফরে সিরিজের শেষ টেস্টে অধিনায়কত্ব সঁপে দেওয়া হয় ধোনির কাঁধে। সিরিজে সমতা ফেরাতে হলে জিততেই হবে—অধিনায়ক হিসেবে অভিষেকেই অগ্নিপরীক্ষাটা সফলভাবে দিয়ে দেন ধোনি। এর পর টানা ১১টি টেস্টে নেতৃত্ব দিয়ে আটটি জয় আর তিনটি ড্রর পর দ্বাদশ টেস্টে এসে পরাজয়। তার পরও অধিনায়কদের ‘এলিট ক্লাবে’ ঠাঁই পেয়ে যাচ্ছেন তিনি। অধিনায়ক হিসেবে অভিষেকের পর থেকে কমপক্ষে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আছে আর মাত্র ৫ জনের। এঁদের মধ্যে সর্বাগ্রে উচ্চারিত হবে রে ইলিংওয়ার্থের নাম। অধিনায়ক হিসেবে প্রথম ১৯টি ম্যাচেই অপরাজিত ছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক। পরের নামটি একজন ভারতীয়রই। সুনীল গাভাস্কার ইলিংওয়ার্থের চেয়ে টানা অপরাজিত ছিলেন এক ম্যাচ কম। আরেক সাবেক ইংলিশ অধিনায়ক মাইক ব্রিয়ারলি অপরাজিত ছিলেন ১৫ ম্যাচ। ১৪ টেস্টে অপরাজেয় নেতৃত্ব দিয়ে চারে আছেন মাইক স্মিথ। ভিভ রিচার্ডসের সঙ্গে যৌথভাবে সেরা পাঁচে অবস্থান ধোনির।