‘নয় মাস পর ক্রিকেট খেলতে পেরে খুবই ভালো লাগছে।’ কাল পুরস্কার বিতরণী মঞ্চে কথাটা নিরাবেগ কণ্ঠেই বললেন। কিন্তু মনে হলো, অজন্তা মেন্ডিসের বুকে যেন হাহাকারের ঢেউ। একসময় জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। মুরালিধরন-উত্তর যুগে তাঁকেই ভাবা হচ্ছিল শ্রীলঙ্কান ক্রিকেটের ভরসা। কিন্তু একসময়ের ‘রহস্য স্পিনার’ কেমন যেন ধারহীন হয়ে গেল। ঘূর্ণিতে সেই জাদুও নেই। বাদ পড়লেন দল থেকেও। অনিয়মিতভাবে আসা-যাওয়া করছিলেন। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা টি-টোয়েন্টিতে ১৬ রানে ৬ উইকেটও নিয়েছেন। কিন্তু অধারাবাহিকতা দর্শক বানিয়ে দিল তাঁকে। সেই তিনি নয় মাস পর জাতীয় দলে ফিরেই করলেন দুর্দান্ত বোলিং। প্রথম স্পেলে ২ ওভারে ১ মেডেন, ৩ রানে ৩ উইকেট। পরের স্পেলে ২ ওভারে ১ মেডেন, ৫ রানে ৩ উইকেট। ম্যাচে আরেক মেন্ডিস—জীবন বল-ব্যাট দুই জায়গাতেই ভালো করার পরেও তাঁকেই ম্যাচসেরা বেছে নিতে কষ্ট হয়নি। ক্রিকইনফো।