অজুহাত নেই জহুরুলদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ দিনে আটটি ম্যাচ, সাত শহরের সাত মাঠে!
জহুরুল-এনামুলদের আলোচনায় বারবার ঘুরেফিরে এল সংখ্যাগুলো। অজুহাত নয়, তবে এটা একটা কারণ। ইংল্যান্ডে তিন সপ্তাহের সফর শেষে কাল দুপুরে ঢাকায় ফিরে ‘এ’ দলের অধিনায়ক জহুরুল ইসলাম বাজে পারফরম্যান্সের কোনো অজুহাত দাঁড় করাতে চান না। তবে তাঁর ও সতীর্থদের কথায় এই প্রসঙ্গটা থাকলই। এক শহর থেকে আরেক শহর, এক মাঠ থেকে আরেক মাঠে ছুটোছুটি। তিন-চার দিনের বেশি থাকা হয়নি কোথাও। ওপেনার এনামুল হক (বিজয়) যেমন বললেন, ‘বলতে পারেন, ব্যাগই খুলতে পারিনি!’
আট ম্যাচে সাত হারের পর কোনো অজুহাতই চলে না। জহুরুল মেনে নিলেন নিজেদের ব্যর্থতা, ‘আশা পূরণ হয়নি। ভাবতেও পারিনি এতটা বাজে হবে। কাউন্টি দলগুলোর বিপক্ষে পাঁচ ম্যাচের তিনটি জিতলে, আরও কিছু ভালো ব্যক্তিগত পারফরম্যান্স থাকলে মোটামুটি ভালো সফর বলা যেত।’
ব্যর্থতার কারণ অনুসন্ধানে জহুরুলের অন্য পর্যবেক্ষণও আছে, ‘আমরা পারিনি, কোনো অজুহাত দেব না। তবে একটা ব্যাপার বলতেই হবে, আমরা ঠিক থিতু হতে পারিনি কোথাও। একটি ম্যাচ খেলেই ছুটতে হয়েছে নতুন শহরে, ওখানে আবার পরদিনই ম্যাচ। একেক মাঠের উইকেট একেক রকম। আমাদের হয়তো মানিয়ে নেওয়া উচিত ছিল। কিন্তু পুরোপুরি ভিন্ন আবহাওয়া ও কন্ডিশনে গিয়ে পর্যাপ্ত সময় না পেলে মানিয়ে নেওয়াটা কঠিন। শেষ দিকে টন্টনে আমরা দুটো ম্যাচ খেলে একটি জিতেছি।’
ব্যাটিং-বোলিংও একসঙ্গে ভালো হয়নি কোনো ম্যাচেই। কাউন্টির দ্বিতীয়-তৃতীয় সারির দলের কাছে ‘প্রায়’ জাতীয় দলের হারকে বাংলাদেশের ক্রিকেটের জন্য বিব্রতকর মনে করেন অনেকেই। তবে অধিনায়ক ব্যাপারটিকে এভাবে দেখতে নারাজ, ‘ওসব মাঠে খেলেই ওরা বেড়ে উঠেছে, কন্ডিশন পরিচিত। আমরা একেক দিন একেক রকম উইকেটে মানিয়ে নিতে পারিনি। পর্যাপ্ত অনুশীলনও করতে পারিনি। তার পরও অবশ্য কাউন্টি দলগুলোকে আমাদের হারানো উচিত ছিল, আমরা অনেক ভালো দল ছিলাম।’
ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে ২-১ ব্যবধানকে ভালোই মনে করছেন জহুরুল, ‘সফরের শেষ দিকে নিজেরাই লজ্জা পাচ্ছিলাম। ভাবছিলাম এভাবে দেশে যাব কীভাবে। শেষ ম্যাচের জয়টা তাই একটু স্বস্তির। লায়ন্স খুবই শক্তিশালী দল। রাইট-কারবেরি-টেলর-ব্যালান্সরা ওদের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছে। আমাদের বোলারদের তাই পাত্তাই দেয়নি। লায়ন্স যখন আমাদের এখানে এসেছিল (২০১২-এর জানুয়ারিতে), তখন আমরাই জিতেছিলাম।’
অধিনায়ক নিজের পারফরম্যান্স নিয়েও যথেষ্টই হতাশ। হতাশ তাঁর অনেক সতীর্থও। জাতীয় দলে এখনো জায়গা পাকা করতে না-পারা বা দল থেকে ছিটকে পড়াদের জন্য বড় সুযোগ ছিল এ সফর। শেষ ম্যাচের অসাধারণ সেঞ্চুরিতে নাঈম ইসলাম নির্বাচকদের বার্তা দিতে পারলেও ইমরুল-রকিবুল-মার্শাল-ফরহাদরা সুবিধা করতে পারেননি মোটেও। জ্বরের কারণে মাত্র তিনটি ম্যাচ খেলতে পারা ইমরুল অবশ্য দুষলেন ভাগ্যকে।
সাত ম্যাচে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে তৃপ্ত নন এনামুল, ‘আরেকটা সেঞ্চুরি ও দুটি ফিফটি বেশি করলে হয়তো ভালো বলতে পারতাম। গত বছর আমি ১০টি সেঞ্চুরি করেছিলাম, কারণ অনেক ম্যাচ খেলেছিলাম। এ বছর তো ম্যাচই খেলতে পারিনি।’ একই সুর রুবেল হোসেনের কণ্ঠে, ‘ইংল্যান্ডে যাওয়ার আগে শুধু ক্যাম্প হয়েছে। এ বছর ম্যাচই খেলা হয়নি বেশি। ছন্দ পেতে তাই একটু সময় লাগছে।’
অন্যতম হতাশার জায়গা রুবেল-রবিউলরা। পেসারদের স্বর্গে গিয়ে জাতীয় দলের দুই পেসার মোটেই ভালো করতে পারেননি। রবিউল দায় দিলেন উইকেটকেই, ‘ইংল্যান্ডে যাওয়ার আগে যা ভেবেছিলাম, হয়েছে উল্টো। উইকেটে বাউন্স থাকলেও সুইং একদমই ছিল না। বেশির ভাগ ম্যাচ হয়েছে নিষ্প্রাণ উইকেটে।’
তবে হতাশায় ভরা সফরেও ইতিবাচক কিছু খুঁজে পেয়েছেন জহুরুল, ‘সবাই বলবে আট ম্যাচে সাত হার। কিন্তু আমরা অনেক শিখেছি। এসব হয়তো খালি চোখে ধরা পড়বে না, কিন্তু ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে।’
ভবিষ্যতের পাথেয়ই এখন সান্ত্বনা!: