পুরস্কার বিতরণীর মঞ্চের সামনে দৃশ্যটা ফুটে ওঠার আগেই মাঠ ছাড়ল ড্যানিয়েল ভেট্টোরির দল। নইলে তারা দেখত একটা অভাবনীয় দৃশ্য। ৪-০-তে সিরিজ জয়ের আনন্দে বাংলাদেশ দল কত উজ্জ্বল সেটা দেখে নিশ্চিত ভেট্টোরিদের হতাশ মুখগুলোয় জমত আরও আঁধার। বাংলাদেশে এসে এমন দৃশ্য দেখতে হবে, সিরিজের আগে সেটা নিশ্চয়ই কল্পনাতেও আসেনি নিউজিল্যান্ডের।তা কতটা উজ্জ্বল বাংলাদেশ? যতটা উজ্জ্বল হলে সন্ধ্যার আলো-আঁধারিতেও আলোয় ভরে ওঠে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। যতটা উজ্জ্বল হলে বিভেদ, হিংসা-হানাহানি আর অভাব-অনটনের এই বাংলাদেশও উদ্বাহু উল্লাস করে, হেসে ওঠে। যতটা উজ্জ্বল হলে প্রধানমন্ত্রীও টেলিফোনে অভিনন্দন জানান দলের অধিনায়ককে।অথচ যাঁদের হাত ধরে এই জয়ের আনন্দ, তাঁরা যেন কাল কিছুটা স্তিমিত! সিরিজ জেতার দিনের মতো আনন্দে ভেসে যাওয়ার সন্ধ্যা আসেনি কাল বাংলাদেশ দলের ড্রেসিংরুমে। ম্যাচ জিতলে চিৎকার-চেঁচামেচি সব সময়ই হয়, কালও হয়েছে। কিন্তু সেটা একটা সাধারণ জয় পেলে যেমন হয় তেমনই। সিরিজ জয়ের উৎসব আগেই করে ফেলা বাংলাদেশ দলের কাছে জয়টা যে এখন অভ্যাসে পরিণত হচ্ছে!সিরিজ জয়ের প্রত্যক্ষ সাক্ষী হতে না পারলেও সৈয়দ রাসেল নিজেকে মনে করছেন দারুণ ভাগ্যবান, ‘দলে ছিলাম না, অথচ আমিও এমন গর্বের অংশীদার! ভালো তো লাগবেই। তবে ড্রেসিংরুমে এদিনের আনন্দটা আগের দিনের চেয়ে কম হয়েছে। সিরিজ তো আগেই জিতে গেছি আমরা।’ রাসেলের মতো অন্যের ইনজুরির ‘আশীর্বাদে’ দলে আসা ডলার মাহমুদও ভাগ্যবান ভাবতে পারেন নিজেকে। তবে তাঁর কাছে ৪-০-এর আনন্দও কম নয়, ‘একটা পর্যায়ে মনে হচ্ছিল আমরা হেরে যাচ্ছি। মাঠের বাইরে খুব দুশ্চিন্তায় ছিলাম সবাই। তারপর যখন জিতলাম...এ ধরনের জয়ের আনন্দ তো সব সময়ই বেশি হয়।’বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাককে হারতে হারতে জিতে যাওয়ার আনন্দটা গ্রাস করেছিল ম্যাচ শেষে। অকপটে স্বীকার করলেন, ‘আজ (গতকাল) কখনোই মনে হয়নি আমরা জিততে যাচ্ছি। ওদের ৫ উইকেট পড়ার পরই মনে হলো হয়তো সম্ভব। তবে আমরা জানতাম, জিততে হলে যে করেই হোক ড্যানিয়েল ভেট্টোরিকে ফেলতে হবে।’শাহরিয়ার নাফীসের কাছে এমন পারফরম্যান্স ‘এক কথায় অসাধারণ।’ আড়াই বছর পর দলে ফেরাটা এমন উৎসবের মধ্য দিয়ে হওয়ায় এমনিতেই নিজেকে ভাগ্যবান মনে করেন এই ওপেনার। কাল আরও আবেগাপ্লুত হলেন ম্যাচ শেষে, ‘ভাষায় প্রকাশ করার মতো নয় এত ভালো লাগছে। তবে নিজে রান পেলে আরও ভালো লাগত।’জয়ের আনন্দের মধ্যেও এ রকম ছোট ছোট অতৃপ্তি আরও আছে। সিরিজে অনুজ্জ্বল রকিবুল হাসান যেমন একই সঙ্গে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিলেন এবং তাঁর কাছে কিছু চাইলেনও, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, তিনি আমাদের পাশে ছিলেন। তবে আমি ভালো খেলতে পারিনি বলে খারাপ লাগছে। আশা করি, ভবিষ্যতে পারফরম্যান্স করেই কথা বলব। সৃষ্টিকর্তার কাছে সেই কামনাই করি।’৪-০-তেই সিরিজ জিততে হবে, কাল শেষ ম্যাচের আগে এই জেদটা সম্ভবত মুশফিকুর রহিমের মধ্যেই বেশি ছিল। স্বপ্নপূরণ হওয়ায় তাঁর আনন্দও বেশি হওয়ার কথা। সেটা আছেও। তবে মুশফিকুরের আরেকটা পাওয়া, এই সিরিজেই তিনি আবিষ্কার করে ফেলেছেন বাংলাদেশ দলের একটা নতুন চরিত্র, ‘এবার মাঠ এবং মাঠের বাইরে সব জায়গাতেই একটা দল হয়ে ছিলাম আমরা। একজন আরেকজনের সমস্যা খুব অনুভব করেছি। কেউ হয়তো রান পাচ্ছে না, প্র্যাকটিসে তাকে আগে ব্যাট করতে দিয়েছি, নেটে বেশি সময় সুযোগ দিয়েছি। কেউ খারাপ বল করলে তাকেও উৎসাহ দেওয়ার চেষ্টা করেছি। মোট কথা, সবাই সবার পাশে ছিলাম। আমার মনে হয়, এত বড় সাফল্যের পেছনে এই জিনিসটা খুব কাজ করেছে।’এই সিরিজের এটাও বোধ হয় একটা প্রাপ্তি, বাংলাদেশ দলটা নিজেদের দেখতে পেরেছে নতুন চেহারায়। জয়ের ধারায় তারা থাকতে পারে, পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেন ক্রিকেটাররা—এই উপলব্ধি আত্মবিশ্বাসের পারদটাকে উঠিয়ে দিচ্ছে অনেক ওপরে। সে কারণেই হয়তো শত অভিনন্দন-পিঠ চাপড়ানিতেও উৎসবে ভেসে যাওয়া থেকে আটকানো যাচ্ছে না নিজেদের।বাংলাদেশ ছোটদের বড় দল আগেই ছিল, এবার বোধ হয় সত্যিই বড়দের দলও হলো!