অজেয়ই থাকলেন মেওয়েদার

লাস ভেগাসের বক্সিংমঞ্চে আলোর রোশনাই। রিংয়ের বাইরে দর্শকসারি আলোকিত করে ছিলেন বিশ্ব ক্রীড়াঙ্গন এবং সাংস্কৃতিক জগতের তারকারা। বক্সিং লড়াই শেষে সব আলো পড়ল ফ্লয়েড মেওয়েদার জুনিয়রের ওপর। ‘ফাইট অব দ্য সেঞ্চুরি’খ্যাত ৪০ কোটি ডলারের বক্সিং লড়াইয়ে অবিসংবাদিতভাবে চ্যাম্পিয়ন যে তিনিই। ফিলিপাইনের ম্যানি প্যাকিয়াওকে হারিয়ে ওয়ার্ল্ড বক্সিং অর্গানাইজেশনের খেতাবটিও জিতে নিলেন আমেরিকান মেওয়েদার।
পেশাদার রিংয়ে পা রাখার পর হারের স্বাদ পাননি মেওয়েদার জুনিয়র। ফিলিপিনোদের হৃদয় ভেঙে জিতলেন গতকালও—ক্যারিয়ার রেকর্ডটিকে উন্নত করলেন ৪৮-০-তে। কিংবদন্তি বক্সার রকি মার্সিয়ানোরই ক্যারিয়ার রেকর্ড শুধু ৪৯-০। সেটিকে ছুঁয়েই তবে অবসরে যাবেন মেওয়েদার!
১২ রাউন্ডের লড়াইয়ে জুরিবোর্ডের তিনজনই রায় দিয়েছেন মেওয়েদারের অনুকূলে। এক বিচারক স্কোর দিয়েছেন ১১৮-১১০। অন্য দুই বিচারক ১১৬-১১২। এই জয়ের অর্থ প্যাকিয়াওয়ের ওয়ার্ল্ড বক্সিং অর্গানাইজেশনের বেল্ট নিজের দখলে নিলেন মেওয়েদার। ওয়াল্টারওয়েটে ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল এবং ওয়ার্ল্ড বক্সিং অ্যাসোসিয়েশনের খেতাবজয়ী মেওয়েদার জুনিয়রের অমরত্বের জন্য আর কী চাই!
‘আমি আমেরিকানদের স্বপ্ন’—রিংয়ে জয়ের পর ৩৮ বছর বয়সী মেওয়েদার সদম্ভে ঘোষণা করেন, ‘প্রথম রাউন্ডেই আমি বুঝে গিয়েছিলাম তাকে। আমার এতই অভিজ্ঞতা যে তার মুভমেন্টটা আমি ধরে ফেলতে পারছিলাম। জয়ী হিসেবেই আমার জন্ম, আর জয়ী হিসেবেই মরতে চাই আমি।’ ইতিহাসের সবচেয়ে দামি এই লড়াই থেকে ফ্লয়েড মেওয়েদার পাবেন ২০ কোটি ডলার, বিজিত ম্যানি প্যাকিয়াও পাবেন ১০ কোটি।
রিংয়ে নামার আগে আক্রমণাত্মক লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ৩৬ বছর বয়সী প্যাকিয়াও। তবে পরিসংখ্যান বলছে, তাঁর চেয়ে রিংয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন মেওয়েদারই। প্রতিপক্ষের দিকে প্যাকিয়াও পাঞ্চ ছুড়েছেন ৪২৯ বার। মেওয়েদার প্যাকিয়াওয়ের চেয়ে চারবার বেশি—৪৩৫ বার। তবে বিচারকদের রায় মেনে নিতে পারেননি গ্যালারিতে উপস্থিত প্যাকিয়াও সমর্থকেরা। বিচারকদের রায় শোনার পর দুয়ো দিয়েছেন মেওয়েদারকে। ফিলিপাইনের মানুষের বিশ্বাস, ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে প্যাকিয়াওকে!
পরাজয়ের জন্য প্যাকিয়াও দুষছেন কাঁধের চোটকে। তাঁর দাবি, সপ্তাহ তিনেক আগে অনুশীলনের সময় কাঁধে চোট পেয়েছিলেন। লড়াই থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথাও ভেবেছিলেন। কিন্তু সপ্তাহ খানেক আগে চোটের দ্রুত উন্নতি হওয়ায় সিদ্ধান্ত বদলাননি। রিংয়ে নামার আগে অ্যান্টিডোপিং এজেন্সির অনুমোদন নিয়ে প্রদাহনাশক ইনজেকশনও নিতে চেয়েছিলেন। কিন্তু নেভাডা অ্যাথলেটিক কমিশন বাদ সাধায় তা আর নেওয়া হয়নি। ম্যাচ শেষে হার স্বীকার করে নিলেন প্যাকিয়াও, ‘আমি আমার সেরা চেষ্টাই করেছি। কিন্তু আমার সেরা চেষ্টাটাও যথেষ্ট ছিল না।’
গ্যালারিতে উপস্থিত ছিল ১৬ হাজার ৫০৭ দর্শক। বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান, টেনিসের দুই গ্রেট আন্দ্রে আগাসি, স্টেফি গ্রাফ ছাড়াও গ্যালারিতে থেকে লড়াইটি দেখেছেন ক্লিন্ট ইস্টউড, রবার্ট ডি নিরো, ডেেঞ্জল ওয়াশিংটন, ব্র্যাডলি কুপারসহ হলিউডের অনেক নামীদামি তারকারা। এএফপি, রয়টার্স।