২০০৩ সালের চট্টগ্রাম টেস্টের দুঃস্মৃতিই বাংলাদেশকে ফিরিয়ে দিচ্ছিলেন ডোয়াইন ব্রাভো আর মারলন স্যামুয়েলস। খুলনায় তৃতীয় উইকেটে এই দুজনের জুটি ভাঙবে বলে মনেই হচ্ছিল না। শেষ পর্যন্ত ৩২৬ রান তুলে থেমেছে তৃতীয় উইকেট জুটিটা। নয় বছর আগে চট্টগ্রামে তৃতীয় উইকেটে ৪২৯ রানের জুটি গড়েন বোয়েটা ডিপেনার ও জ্যাক রুডলফ। শুধু বাংলাদেশের বিপক্ষেই নয়, এই উপমহাদেশেই বাইরের দলগুলোর এটাই তৃতীয় উইকেটে সর্বোচ্চ জুটি। দুই বছর আগে ভারত সফরে তৃতীয় উইকেটে ৩৪০ রান করেছিল দক্ষিণ আফ্রিকারই আমলা-ক্যালিস জুটি। উপমহাদেশে অতিথি দলগুলোর তৃতীয় উইকেটের রেকর্ড পার্টনারশিপে এর পরই ব্রাভো-স্যামুয়েলসের এই ৩২৬। মজার ব্যাপার হলো, এর পরের রেকর্ড জুটিটা প্রায় একই সময়ে হয়েছে। চলতি কলম্বো টেস্টে তৃতীয় উইকেটে রস টেলর আর কেন উইলিয়ামসন ২৬২ রান যোগ করেন। অতিথি দলগুলোর উপমহাদেশে তৃতীয় উইকেটে আর কোনো আড়াই শ রানের জুটি নেই।