অটো সম্রাটের অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময়ের গ্রিক সম্রাট অটোর নামের সঙ্গে মিলিয়ে গ্রিকরা তাঁকে ভালোবেসে ডাকে ‘কিং অটো’ নামে। তা তিনি গ্রিক সম্রাট হওয়ার যোগ্য তো বটেই। ফুটবল ইতিহাসে গ্রিক রূপকথার জন্ম তো তাঁর হাত ধরেই। গ্রিসকে তিনি যে রূপকথার এক শিরোপা এনে দিয়েছিলেন, ২০০৪ সালে ইউরোপ চ্যাম্পিয়ন বানিয়ে। গ্রিসে তিনি পেয়েছিলেন সম্রাটের মর্যাদা। নতুন ‘গ্রিক সম্রাট’ অটো রেহাগেল।তারপর কেটে গেছে ছয় বছর। ফুটবল-দুনিয়ায় অনেক উত্থান-পতন হয়েছে। কিন্তু গ্রিস যেন হারিয়ে গেছে ট্রয় নগরের মতো! পর্তুগালকে হারিয়ে ২০০৪ ইউরো-সেরার ট্রফি জেতার পর থেকে গ্রিস একটার পর একটা ব্যর্থতা উপহার দিয়েছে বড় বড় আসরে। কিন্তু একটা বিষয় পরিবর্তন হয়নি—এখনো গ্রিসের কোচ হয়ে আছেন অটো রেহাগেল। সেও নয় বছর পেরোতে চলল। এখনো বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাজার হাজার গ্রিক স্লোগান দেয়—‘কিং অটো, কাপ নিয়ে এসো।’৭১ বছর বয়সে সেই তাড়না এবং প্রেরণায় এবার দক্ষিণ আফ্রিকায় আসছেন একসময়ে ‘বুন্দেসলিগার ছেলে’ বলে পরিচিতি পেয়ে যাওয়া রেহাগেল। পারবেন আরেকটা চমক উপহার দিতে?পারাটা খুব, খুব কঠিন। ১৯৯৪ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিল গ্রিস। সেবারের মতো এবারও তাদের গ্রুপসঙ্গী আর্জেন্টিনা ও নাইজেরিয়া। ১৯৯৪ বিশ্বকাপে তিন ম্যাচে ১০ গোল হজম করে আক্ষরিক অর্থেই শূন্য হাতে ফিরেছিল গ্রিস। বিশ্বকাপে যেকোনো দলের জঘন্যতম পারফরম্যান্সগুলোর একটা হয়ে আছে গ্রিসের সেবারের বিশ্বকাপ অভিযান। তারপর রেহাগেলের আমলে গ্রিসের কিছু মৌলিক পরিবর্তন হয়েছে, ইউরো জিতেছে তারা। কিন্তু তাতে গ্রিস যে ফুটবল পরাশক্তি হয়ে গেছে, তা নয়। ইউরো জেতার পর ২০০৬ বিশ্বকাপের বাছাইপর্বই পার হতে পারেনি তারা। ২০০৮ ইউরোতে খেলতে এলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে রেহাগেলের দল। তার পরও গ্রিসকে নিয়ে স্বপ্ন দেখতে পারেন গ্রিক অধিনায়ক জিয়র্গস কারাগৌনিস। সোজা ভাষায় বলে দিতে পারেন, ‘আপনারাও জানেন, আমরা বিশ্বকাপ জিততে পারি। আমি আশাবাদী। আমরা এখনকার মতো ফর্মে থাকলে বিশ্বকাপে ভালো করব।’কারাগৌনিসকে এই সাহসটা কে জোগাচ্ছেন? সেই অটো রেহাগেল। এই ৭১ বছর বয়সে বিশ্বকাপ অভিষেক হতে যাচ্ছে যাঁর! রেহাগেল ভেঙে দিতে চলেছেন একটা রেকর্ডও। ২০০২ বিশ্বকাপে প্যারাগুয়ের দায়িত্ব পালন করার সময় সিজার মালদিনির বয়স ছিল ৭০ বছর ১৩১ দিন। ১১ জুন বিশ্বকাপের পর্দা উঠবে যখন, রেহাগেলের বয়স দাঁড়াবে ৭১ বছর ১০ মাস ২ দিন! হ্যাঁ, সেই বৃদ্ধ রেহাগেলের নতুন করে ঢেলে সাজানো দলটা এবার নাকি চমকে দিতে পারে! তাহলে আরেকটা রেহাগেল-জাদুর অপেক্ষায় থাকব আমরা? আরেকবার স্লোগান উঠবে—‘কিং অটো, ব্রিং ট্রফি’!