ওয়ানডে সিরিজ: ওয়ানডে সিরিজে শফিউলের বদলি হিসেবে দলে আসছেন আল আমিন হোসেন
অতর্কিত চোট ছিটকে দিল শফিউলকে

এত সুন্দর সোনালি বিকেলটা কারও এভাবে শেষ হতে পারে!
বিকেলের মিঠে রোদে দারুণ জমে উঠেছিল পাসিং গেম। জার্সি সবার গায়েই ছিল। এক দল ওপরে বিপ চাপানোয় খেলোয়াড়েরা ভাগ হয়ে গিয়েছিল দুই দলে। সাকিব মাশরাফিকে থ্রো করছেন তো আর কেউ বলটা কেড়ে নেওয়ার আগে মাশরাফি তা ছুড়ে দিচ্ছেন বিপ ছাড়া আরেক সতীর্থের হাতে। একপর্যায়ে বিপ পরা দলের রুবেলের থ্রো থেকে বল পেলেন শফিউল ইসলাম। শফিউল ছুটছেন, সামনে বাধা দিতে চেষ্টা করছেন মাশরাফি। পাতলা শরীর নিয়ে লিওনেল মেসির মতো কাটিয়ে বেরিয়ে যেতে চাইলেন শফিউল। ভারসাম্য হারালেন তখনই। মাশরাফির সঙ্গে কোনো রকম শারীরিক সংঘর্ষ ছাড়াই হাঁটু ভেঙে পড়ে গেলেন মাঠে...দুই পা তুলে শুয়ে পড়লেন। ততক্ষণে আর বুঝতে বাকি নেই কী পরিণতি বরণ করতে যাচ্ছেন শফিউল। কয়েক মিনিট পরের দৃশ্য—ফিজিও বিভব সিং আর কম্পিউটার অ্যানালিস্ট নাসির আহমেদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়ছেন শফিউল। শীতের আগমনী বিকেলে বড় করুণ দেখাচ্ছিল সেই দৃশ্য।
কিছুক্ষণ পর বিভব সিংয়ের কাছ থেকেই আনুষ্ঠানিকভাবে জানা গেল দুঃসংবাদটা। ডান পায়ের অ্যাঙ্কেল মচকে গেছে শফিউলের। জায়গাটা ফুলে গেছে। স্ক্যান করা হবে দুই দিন পর। তবে আপাতত সিদ্ধান্ত, ওয়ানডে সিরিজের বাইরে শফিউল। আবার মাঠে ফিরতে সময় লাগবে চার থেকে ছয় সপ্তাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁর বদলি হিসেবে দলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে মাত্রই অভিষেক টেস্ট খেলা আরেক পেসার আল আমিন হোসেনকে।
বাংলাদেশ দলের পেস আক্রমণে এই ভাঙাগড়ার খেলা অনেক দিন ধরেই। একজন সুস্থ হয়ে আসেন তো আরেকজনের ঠিকানা হয় মেডিকেল রুম। কাল যে মাশরাফিকে কাটিয়ে বল নিয়ে যেতে চেয়েছিলেন শফিউল, সেই মাশরাফিই তো দলে ফিরলেন ১০ মাস পর! শফিউলের ওই দুর্ঘটনার মিনিট দশেক আগেই মাশরাফি কথা বলছিলেন তাঁর দলে ফেরা নিয়ে, ‘আমি শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত এখন। দলে সুযোগ পেলে ভালো খেলার চেষ্টা করব।’ জানালেন, প্রায় ১৫ কেজির মতো ওজন কমিয়েছেন এর মধ্যে। তাতে শারীরিকভাবে অনেক বেশি স্বচ্ছন্দ এখন তিনি। গত বিপিএলের ফাইনালে পায়ে চোট পাওয়ার পর মাঝে শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ে সফরে যেতে পারেননি। ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত যাওয়া হয়নি সেখানেও। মাশরাফি অবশ্য তখনই বলেছিলেন, পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে চান নিউজিল্যান্ড সিরিজে।

টেস্ট সিরিজ গড়িয়ে মাশরাফির কাঙ্ক্ষিত সেই ওয়ানডে সিরিজ এখন শুরু হওয়ার অপেক্ষায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামীকালই হবে দিবারাত্রির প্রথম ম্যাচ। টেস্ট সিরিজ ড্র হওয়ার পর এই সিরিজে এমনিতেই মুশফিকুর রহিমের দলের কাছে থাকবে পাহাড়সম প্রত্যাশা। সে সঙ্গে যদি ২০১০-এর ‘বাংলাওয়াশের’ স্মৃতিটাকে জাগিয়ে তোলা যায়...। মাশরাফি অবশ্য অতীতাশ্রয়ী না হয়ে ভবিষ্যতের দিকে তাকাতে চান, ‘৪-০’-এর ব্যাপারটা জানি না কতটা কাজ করে। এটা একটা নতুন ম্যাচ, নতুন সিরিজ। আমরাও নতুন। আমার মনে হয় নির্দিষ্ট দিনে যারাই ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে। এটা ঠিক যে আমাদের ভালো সুযোগ আছে এবং এর আগে ৪-০-তে জেতায় প্রত্যাশাও বেশি। তার পরও সবকিছু নির্ভর করছে আমরা কেমন খেলি তার ওপর।’
প্রত্যাশার চাপ যেমন নিজেদের ওপর নিচ্ছেন, তেমনি নিউজিল্যান্ডের ওপরও কম দিচ্ছেন না মাশরাফি। টেস্টের ফলাফল তাদের জন্য প্রত্যাশিত হয়নি। তার ওপর সীমিত ওভারের ক্রিকেটেই বেশি ভালো টেলর-ম্যাককালামরা। ‘তারা এই ফরম্যাটেই স্বচ্ছন্দ বোধ করে বেশি। আইপিএল থেকে শুরু করে বছরের বেশির ভাগ সময় তারা এই ফরম্যাটটাই বেশি খেলে। তবে আমরা পরিচিত দর্শকের সামনে খেলব। উইকেটও তাদের পক্ষে থাকবে না। সবকিছু মিলিয়ে ওদের ওপরই বেশি চাপ’—বলছিলেন মাশরাফি।
চাপে আরেকটু হলে বাংলাদেশকেই পড়তে হতো বেশি। শফিউল ছিটকে গেলেন, রক্ত পরীক্ষায় যদি মুমিনুলেরও বড় কোনো সমস্যা ধরা পড়ত! আশার কথা সে রকম কিছু আসেনি রিপোর্টে। তাঁর শারীরিক অবসাদ কেবলই জ্বরের পার্শ্বপ্রতিক্রিয়া আর খাওয়ায় অরুচি থেকে। একটু বিশ্রাম নিলে আর ঠিকভাবে খাওয়া-দাওয়া করলেই সেরে ওঠার কথা এ থেকে। সে জন্য কাল আর দলের সঙ্গে অনুশীলনে না এসে হোটেলে বিশ্রামে ছিলেন টানা দুই টেস্টে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান। কাল থেকে শুরু ওয়ানডে সিরিজে খেলতে বাধা নেই তাঁর।