অতি আত্মবিশ্বাসই আবাহনীর কাল!
সামনে-পেছনে শতাধিক পুলিশ। মাঝখানে আলী আকবর পোরমুসলিমি। ম্যাচ শেষে কড়া পুলিশি প্রহরায় বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়তে হলো আবাহনীর ইরানি কোচকে। তাও প্রধান গেট দিয়ে নয়। মাথা নিচু করে মাঠ ছাড়লেন সাংবাদিকদের গেট দিয়ে।
চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে সেমিফাইনালে হেরে মাঠেই শুয়ে পড়লেন আবাহনীর ফুটবলাররা। গ্যালারি থেকে ক্লাব কর্মকর্তা ও খেলোয়াড়দের উদ্দেশে তখনো ভেসে আসছে গালিবৃষ্টি। সমর্থকদের ভয়ে ম্যাচ শেষ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর মাঠ ছেড়েছেন আবাহনীর ফুটবলাররা। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারের দুঃখ সইতে না পেরে ফুটবলারদের বহনকারী গাড়ির কাচ ভেঙেছেন সমর্থকেরা।
কোয়ার্টার ফাইনালে ফেবারিট শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে যেন অতি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল আবাহনী। এরই মূল্য দিয়েছে কাল দলটি। ম্যাচের পর কোচ আলী আকবরের মুখেও সেই কথা, ‘আমাদের অনেক খেলোয়াড়ের মধ্যেই দেখেছি জেতার আগেই চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা। আমার মনে হয় এই আত্মবিশ্বাসই ডুবিয়েছে।’ সমালোচনা করেছেন তিনি মোহামেডানের অতিরক্ষণাত্মক কৌশলেরও, ‘ওরা রক্ষণে খেলিয়েছে ৭-৮ জন ফুটবলারকে। এটা কোনো ফুটবল হলো? এমন নেতিবাচক ফুটবল খেললে ম্যাচ জেতা যায় না।’
বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছে আবাহনী। হারের পেছনে এটিকেও একটা বড় কারণ বললেন পোরমুসলিমি, ‘আমরা কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছি। বড় ম্যাচে এমন সুযোগ নষ্ট হলে জেতা কঠিন হয়ে পড়ে।’
আবাহনী শিবিরে যখন খাঁ খাঁ নীরবতা, মোহামেডান গ্যালারিতে বাঁধভাঙা উল্লাস। মোহামেডানকে ফাইনালে তুলতে পেরে খুবই খুশি কোচ রুই ক্যাপেলা, ‘বরাবরই বলেছি, আবাহনী-মোহামেডান ম্যাচে দুই দলের জেতার সুযোগ সমান। ম্যাচটা খুবই কঠিন ছিল। তবে আমার ছেলেরা খুব ভালো খেলেছে।’
মাত্র একটা গোলেই জয় নিশ্চিত ভেবেছিলেন ক্যাপেলা। এ জন্য অবলম্বন করেছেন অতি রক্ষণাত্মক কৌশল। ম্যাচ শেষে এই কৌশলের সাফাই গাইলেন মোহামেডান কোচ, ‘শেষ দিকে একটু বেশিই রক্ষণাত্মক খেলেছি আমরা। আমাদের রক্ষণভাগ ভালো। এ জন্য আমি মনে করেছি একটা গোলই যথেষ্ট।’