অতি বন্দনায় শঙ্কিত দেল বস্ক
আলাপে-আলোচনায় এখন সর্বত্রই স্পেনের বন্দনা। সুন্দর ফুটবল, প্রতিভা-দ্যুতি আর সাফল্য—সবকিছুই যেন মিলে-মিশে একাকার স্পেনের ক্ষেত্রে। যেভাবে দলটি এবারের ইউরো জিতল, তাতে অনেকের চোখেই তারা ইতিহাসের সেরা জাতীয় দল। যাদের ব্যাপারটি নিয়ে দ্বিমত আছে, তারাও স্পেনকে ওই তালিকা থেকে খুব একটা পিছিয়ে রাখতে চায় না। মোটকথা, পরপর দুটো ইউরো ও মাঝখানে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর বৃহস্পতি এখন তুঙ্গেই জাভি-ইনিয়েস্তা-জাবি-ক্যাসিয়াসদের। তবে অভিজ্ঞতা ন্যুব্জ কোচ ভিসেন্তে দেল বস্ক আশঙ্কা করছেন, এতসব প্রশংসা আবার না ক্ষতির কারণ হয় দলটির।দেল বস্কের মতে, ‘অতিরিক্ত প্রশংসা পরবর্তী সময়ে মাঠে উল্টো ফল দিতে পারে। খেলোয়াড়দের পারফরম্যান্স প্রভাবিত করতে পারে। এ জন্য দলের প্রতিটি খেলোয়াড়কে বর্তমান সাফল্যের মূল অনুধাবন করে মাথা ঠান্ডা রাখতে হবে। বিনয়ী হতে হবে। আরও ভালো পারফরম্যান্স দিয়ে সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে।’স্পেনের ‘স্পোর্ত’ নামের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে দেল বস্ক বলেছেন, ‘মাত্রাতিরিক্ত প্রশংসা খুব ক্ষতিকর।’ তিনি আরও বলেন, ‘ইউরোয় ১৬টি দল খেলে একটি মাত্র দল যেতে। আমরা এবার জিতেছি। তাই বলে মাত্রাতিরিক্ত প্রশংসা ঠিক নয়।’ তিনি বলেন, ‘পরাজয় থেকেও অনেক কিছু শেখার আছে। ইউরো যদি আমরা জিততে না-ও পারতাম, তাহলেও আমাদের শেখার অনেক কিছুই থাকত।’স্পেনের ইউরো বিজয়ী দলের তিন সদস্য এ মাসের শেষে অনুষ্ঠেয় লন্ডন অলিম্পিকে দেশের জার্সি গায়ে মাঠে নামবেন। অলিম্পিকে স্পেন হন্ডুরাস, জাপান ও মরক্কোর বিপক্ষে খেলবে। দেল বস্ক আশাবাদী, ইউরোর সাফল্যের ধারা স্প্যানিশ দল অলিম্পিকেও বজায় রাখবে। ওয়েবসাইট।