অতিথি-সংকটে বিশ্বকাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেক্ষার সেঞ্চুরি! কদিন বাদে ‘বিশ্বকাপের আর ১০০ দিন’ অনুষ্ঠান সাড়ম্বরে পালন করবে আয়োজক দক্ষিণ আফ্রিকা। আজ থেকে হিসাব ধরলে ১০৪ দিন। এই কটা দিনের অপেক্ষার পরই পর্দা উঠবে দুনিয়া কাঁপানো ক্রীড়া আসরের। দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি কেগালেমা মটলানদি বলছেন, ‘ইট-চুন-সুরকি সব তৈরি।’বিশ্বকাপের টিকিট বিক্রির হারও বেড়েছে। মোট পাঁচটি পর্যায়ে বিক্রি হবে টিকিট। চতুর্থ পর্যায় চলছে এখন। ফিফা মহাসচিব জেরোম ভালক কদিন আগে জানিয়েছিলেন, বিশ্বকাপের মোট ২৯ লাখ টিকিটের মধ্যে ২১ লাখ এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। বাকি আছে আর ৮ লাখ। সুখবরই তো বলতে হবে।না, বরং টিকিট বিক্রির সংখ্যাতেই লুকিয়ে আয়োজকদের দুশ্চিন্তা। বিশ্বকাপ সত্যিকারের মিলনমেলা হয়ে ওঠে সারা পৃথিবী থেকে পর্যটকেরা আসেন বলে। পাশাপাশি দাঁড়িয়ে যান পৃথিবীর নানা বর্ণের, ধর্মের, মতাদর্শের মানুষ। উচ্চারিত হয় ‘সবার ওপরে মানুষ সত্য’র জয়গান। এবারও যেমন চার থেকে পাঁচ লাখ পর্যটককে আতিথ্য দিতে সব সাজিয়ে বসে আছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু বিদেশি দর্শকের টিকিট কেনার হার খুবই কম। এতটাই হতাশাজনক, ভালক পর্যন্ত স্বীকার করছেন, ‘আমরা চার থেকে পাঁচ লাখ আশা করেছিলাম। এত বিদেশি দর্শক হবে না বোঝাই যাচ্ছে। কিন্তু কত কম হবে, এ সম্পর্কে আমার কোনো ধারণাই নেই।’বিদেশি পর্যটক না আসা মানে দক্ষিণ আফ্রিকার জন্য অবশ্যই একটা বড় দুঃসংবাদ। বিশ্বকাপের পেছনে ৩৩ বিলিয়ন র্যান্ড (৩.৯ বিলিয়ন ডলার) বিনিয়োগ করেছে আয়োজকেরা। কেবল পরিবহন অবকাঠামোর পেছনেই ব্যয় হয়েছে ১.৭ বিলিয়ন র্যান্ড। নতুন করে ঢেলে সাজানো হয়েছে সবকিছু। এই টাকার বেশির ভাগই উঠে আসার কথা পর্যটকদের সঙ্গে করে নিয়ে আসা ডলার থেকেই। কিন্তু সেই পর্যটকেরাই যদি না আসে...।অনাগ্রহের বড় কারণ দক্ষিণ আফ্রিকার এক ভেন্যু থেকে আরেক ভেন্যুর দূরত্ব। জার্মানি বিশ্বকাপের তুলনায় এবার দর্শকদের কমপক্ষে তিন গুণ বেশি বিমানভ্রমণ করতে হবে। তার মানে, তিন গুণ বেশি যাতায়াত খরচ। দক্ষিণের শহর পোর্ট এলিজাবেথের সবচেয়ে কাছের আয়োজক শহরটাও ৭০০ কিলোমিটার দূরে। দক্ষিণ কোরিয়ার সমর্থকদের যেমন পোর্ট এলিজাবেথে প্রথম ম্যাচটা দেখার পর দ্বিতীয় ম্যাচ দেখতে পাড়ি দিতে হবে এক হাজার কিলোমিটার দূরের জোহানেসবার্গে! টিকিটের দুর্মূল্য, হোটেলের অতিরিক্ত ভাড়া এর সঙ্গে বিশ্বকাপ চলার সময় ভ্রমণভাড়াও স্বাভাবিকের তুলনায় বেশি তো হবেই। ১১ জুন থেকে জোহানেসবার্গ-কেপটাউন বিমান টিকিটের দাম ২৫৬০ র্যান্ড। অথচ দু দিন আগেই যেটার মূল্য ৮১০ র্যান্ড!এসব নিয়েই দোনোমনা। ফিফা ও আয়োজকদের আশা, শেষ পর্যন্ত ফুটবলের প্রতি ভালোবাসার কাছে পরাজিত হবে যাবতীয় সমস্যা। বিদেশি পর্যটকে ভরে উঠবে দক্ষিণ আফ্রিকা। এএফপি।