অতিথিদের খোঁজ নিল না কেউ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ২১ মে শুরু এশিয়ান মহিলা কাপের বাছাইপর্ব খেলতে একটু আগেই ঢাকা চলে এসেছে ইরান। পরশু আসা দলটি কাল বিকেলে শেখ জামাল ধানমন্ডি মাঠে গেল অনুশীলন করতে। গিয়ে দেখে মাঠের ঘাস ছাঁটা হচ্ছে। একদিকে ঘাস ছাঁটা চলছে, অন্যদিকে অনুশীলন। সংস্কারের পর মাঠটা সবুজ গালিচায় রূপ নিয়েছে, কাজেই মাঠ নিয়ে ক্ষোভ ছিল না অতিথি দলের। কিন্তু বরফ, পানি প্রভৃতির ব্যবস্থা করা হয়নি। আনুষ্ঠানিকভাবে আগামীকাল থেকে সফরের সুযোগ-সুবিধা পাবে দলগুলো। তার পরও বিদেশি দল সামান্য এই চাহিদাগুলো স্থানীয় ফেডারেশনের কাছে চাইতেই পারে অতিথি হিসেবে। বাফুফে তার কিছুই করেনি, কেউ ওই দিকে উঁকি পর্যন্ত দেয়নি। তাই দলটি দেখার কেউ ছিল না। দলের লিয়াজোঁ তরুণীটি যেন পালিয়ে বাঁচেন। শেখ জামালের কর্মকর্তা সাবেক ফুটবলার আবদুল গাফফার ছিলেন বলে রক্ষা। তিনিই সব ব্যবস্থা করেন।গাফফার বলছিলেন, ‘আগের রাত ১১টায় আমাকে জানানো হয়েছে, এখানে নাকি ইরান দল অনুশীলন করবে। কিন্তু কীভাবে করবে, তাদের চাহিদাগুলো কে পূরণ করবে? ফেডারেশনের কেউ তো নেই। অগত্যা পানিটানি এনে দিয়ে ক্লাব থেকে আমি বলও দিয়েছি ওদের।’ বাফুফের মহিলা কমিটির কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার অবশ্য বললেন ভিন্ন কথা, ‘শেখ জামালই সব ব্যবস্থা করে দেবে বলেছিল। সে জন্যই বাফুফের কেউ ওদিকে যায়নি। তবে পানি তো নিয়ম অনুযায়ী দিয়েছি আমরা। তার পরও আগামীকাল (আজ) থেকে কোনো সমস্যা থাকবে না আশা করি।’